• ঢাকা
  • | |
Alifhostbd

বিশ্বকাপের ৫৫ দিন আগে বহিষ্কার হলেন সৌদি কোচ


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Apr 18, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিল সৌদি আরব। মধ্যপ্রাচ্যের দেশটির এমন সাফল্যে ডাগ-আউটে ছিলেন কোচ হার্ভে রেনার্ড। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় বিশ্বকাপেও যোগ্যতা অর্জন করেছে সৌদি। তবে বিশ্বসেরাদের এই মহাযজ্ঞ শুরু হওয়ার ৫৫ দিন আগেই চাকরি হারালেন রেনার্ড। রেনার্ডকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করে ফুটবল বিশ্বে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সৌদি আরব ফুটবল ফেডারেশন।

গত মার্চে আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতে সৌদি আরবের হতাশাজনক পারফরম্যান্সের জের ধরেই রেনার্ডকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রীতি ম্যাচে মিশর বিপক্ষে ৪-০ এবং সার্বিয়ার কাছে ২-১ গোলে হারে দলটি।  

রেনার্ডের জায়গায় এখন প্রিমিয়ার লিগের সাবেক তারকা এবং বর্তমানে আল-খালিজের কোচ জর্জিওস দনিস স্থলাভিষিক্ত হবেন বলে ধারণা করা হচ্ছে। এএফপি-র একটি সূত্র জানিয়েছে, সৌদি ফুটবল ফেডারেশন এবং সৌদি ক্লাব আল-খালিজ-এর মধ্যে দনিসকে নিয়ে আলোচনা চলছে। বিশ্বকাপের মতো বড় আসরের আগে দলের হাল ধরতেই এই অভিজ্ঞ গ্রিক কোচকে বেছে নেওয়া হতে পারে।

নিজের বিদায় প্রসঙ্গে শুক্রবার বার্তা সংস্থা এএফপি-কে রেনার্ড বলেন, ‘এটাই ফুটবল... সৌদি আরব এ পর্যন্ত সাতবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, যার মধ্যে দুবারই ছিল আমার অধীনে।’

রেনার্ড আরও যোগ করেন, ‘আমিই একমাত্র কোচ যে বাছাইপর্ব এবং মূল বিশ্বকাপ—উভয় ক্ষেত্রেই তাদের নেতৃত্ব দিয়েছি (২০২২ সালে)। অন্তত এই গর্বটুকু আমার সঙ্গে থাকবে।’

৫৫ বছর বয়সী  ফরাসি কোচ রেনার্ড এর আগে ২০১৮ বিশ্বকাপে মরক্কো জাতীয় দলের কোচিং করিয়ে মাত্র ১ পয়েন্ট অর্জন করেছিলেন। এরপর ২০২২ সালে সৌদি আরবকে নিয়ে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারানোর ঐতিহাসিক কীর্তি গড়েন, যদিও পোল্যান্ড ও মেক্সিকোর কাছে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল।

এরপর ফ্রান্স নারী দলকে প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে তোলার পর ২০২৪ সালের অক্টোবরে দ্বিতীয় মেয়াদে সৌদি আরবের দায়িত্ব নেন রেনার্ড। গত সপ্তাহে ঘানা জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে তাঁর নাম শোনা গেলেও শেষ পর্যন্ত কার্লোস কুইরোজকে সেখানে নিয়োগ দেওয়া হয়।

কোচিং ক্যারিয়ারে রেনার্ড সেরা সাফল্য পেয়েছেন জাম্বিয়া ও আইভরি কোস্টের হয়ে। এই দুটি দেশকেই আফ্রিকান কাপ অফ নেশনস জিতিয়েছেন এই ফরাসি কোচ।

২০২৬ বিশ্বকাপে সৌদি আরব গ্রুপ 'এইচ'-এ খেলবে। তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে এবং প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া কেপ ভার্দে। সৌদির গ্রুপ পর্বের সবকটি ম্যাচ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে।

এখন পর্যন্ত মোট ছয়বার বিশ্বকাপে অংশ নিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। এর মধ্যে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের মাটিতেই অনুষ্ঠিত বিশ্বকাপে তারা 'রাউন্ড অফ সিক্সটিন'-এ জায়গা করে নিয়েছিল, যা এখন পর্যন্ত বিশ্বমঞ্চে তাদের সেরা সাফল্য। 

আলোচিত শীর্ষ ১০ সংবাদ