নববর্ষ বরণে এনসিপির বর্ণাঢ্য শোভাযাত্রা, বৈশাখী মেলা
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Apr 14, 2026 ইং
বাংলা নতুন বছরকে বরণ করতে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। র্যালিতে দলটির কেন্দ্রীয়, মহানগর ও থানা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বাংলামোটর থেকে শোভাযাত্রাটি বের করা হয়। এছাড়া দলের সংস্কৃতি সেলের উদ্যোগে ‘নাগরিক বর্ষবরণ ১৪৩৩’ নামের এ আয়োজনে থাকছে বাউল গান, নৃত্য, আবৃত্তি, লোকজ পরিবেশনা এবং দেশীয় ঐতিহ্যের নানান ছোঁয়া।
শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা ঐতিহ্যবাহী নকশার পোশাকে সেজেছেন। র্যালির মধ্যে কেউ কেউ ছবি তুলছেন, কেউবা সেলফিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। রঙতুলির আঁচড়ে ‘শুভ নববর্ষ’ লিখিয়ে নিতেও দেখা গেছে অনেককে।
একই সময়ে বাংলামোটরের নেভি গলিতে বসেছে বৈশাখী মেলা। এ আয়োজনে থাকবে গান, নৃত্য ও বায়োস্কোপসহ বাঙালিয়ানার নানা অনুষঙ্গ। মুড়ি-মুড়কি ও জিলাপির আয়োজনও থাকছে। এছাড়া মেলায় বাহারি খাবার ও মাটির তৈজসপত্রের দোকানও বসেছে।
সরকারি নির্দেশনা মোতাবেক আজ সন্ধ্যা ৬টার আগেই মেলার কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছেন এনসিপির সংস্কৃতি সেল সম্পাদক লুৎফর রহমান।
আপনার মতামত লিখুন :