দেশের ২৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই : শিক্ষামন্ত্রী
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Apr 8, 2026 ইং
সারা দেশে বর্তমানে ২ হাজার ৮৪৭টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সংসদ সদস্য তাঁর প্রশ্নে জানতে চেয়েছিলেন, দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় রয়েছে কি না এবং না থাকলে সেই সংখ্যা কত ও সেখানে বিদ্যালয় প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা সরকারের আছে কি না। এর উত্তরে শিক্ষামন্ত্রী জানান, দেশের সব গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই। বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, ঢাকা বিভাগে ৭১৭টি, চট্টগ্রাম বিভাগে ৮১৮টি, রাজশাহী বিভাগে ৩৫৫টি, রংপুর বিভাগে ৩৭টি, খুলনা বিভাগে ৩৪৯টি, বরিশাল বিভাগে ৪৫টি, সিলেট বিভাগে ২৬০টি এবং ময়মনসিংহ বিভাগে ২৬৬টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। সব মিলিয়ে দেশজুড়ে এই সংখ্যা ২ হাজার ৮৪৭টি।
বিদ্যালয়বিহীন এসব গ্রামে সরকারি উদ্যোগে বিদ্যালয় স্থাপনের পরিকল্পনার বিষয়ে শিক্ষামন্ত্রী আরও জানান, ভবিষ্যতে এসব গ্রামে বিদ্যালয় স্থাপনের প্রস্তাব পাওয়া গেলে তার প্রয়োজনীয়তা এবং এ সংক্রান্ত শর্তাবলি সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :