নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল জবি ছাত্রদল
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Nov 19, 2026 ইং
নিষিদ্ধ ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার এক নেতাকে আটক করে মারধরের পর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন জবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে তাকে আটক করা হয়। আটক শাকিল খান বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি দর্শন বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
বিভাগীয় সূত্রে জানা যায়, বিশ্ব দর্শন দিবস উপলক্ষে আয়োজিত নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে এসেছিলেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা শাকিল খান। এ সময় খবর পেয়ে সেখানে গিয়ে তাকে আটক করেন ছাত্রদলের নেতারা। তখন শাকিলের বান্ধবী ও সহপাঠীরা ছাত্রদল নেতাদের বাধা দেন। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার মোবাইল ফোন জব্দ করেন উপস্থিত নেতারা।
এদিকে, শাকিলকে আটকের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ছাত্রলীগের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’ এবং ‘সন্ত্রাসীদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।
শাখা ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, মোবাইল ফোন পরীক্ষা করে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে গঠিত ‘ভাই-ব্রাদার্স’ নামের একটি মেসেঞ্জার গ্রুপে শাকিলের যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। ছাত্রলীগের পদ থেকেও তিনি পদত্যাগ করেননি বলে দাবি করেন তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমাদ বলেন, দর্শন বিভাগের ছাত্রলীগের এক নেতাকে ধরে নিয়ে আসছে। পরে জানতে পারলাম, সে ডিপার্টমেন্ট ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আমরা তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের হেফাজতে সোপর্দ করেছি।
আপনার মতামত লিখুন :