বেসরকারি বিল উত্থাপনে গতি আনার উদ্যোগ, অর্থ বিলের জটিলতা কমানোর সুপারিশ
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2026 ইং
জাতীয় সংসদের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে জনগুরুত্বপূর্ণ বিষয়ে বেসরকারি সদস্যদের বিল উত্থাপনে সংসদ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ‘বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কিত সংসদীয় কমিটি। একইসঙ্গে বেসরকারি সদস্যদের উত্থাপিত কোনো বিল যদি ‘অর্থ বিল’ হিসেবে বিবেচিত হয়, তবে সেটিতে রাষ্ট্রপতির সম্মতি গ্রহণের প্রক্রিয়া সহজ ও দ্রুততর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদের ‘বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কিত কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত ও সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, মোছা. তাহসিনা রুশদীর, শাহজাহান চৌধুরী, মো. নূরুল ইসলাম এবং আখতার হোসেন উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।
বৈঠকের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করা হয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ সময় কমিটির সভাপতি সব কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য সদস্যবৃন্দ ও উপস্থিত কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
বৈঠকের নির্ধারিত আলোচ্যসূচি অনুযায়ী, কমিটির সভাপতি ও উপস্থিত সদস্যদের সঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের আনুষ্ঠানিক পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। পরিচয় পর্ব শেষে কমিটির প্রথম বৈঠকের কার্যবিবরণী সংশোধন সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়। একই সাথে কমিটির সার্বিক কার্যক্রম ও কার্যপরিধি সম্পর্কে সদস্যদের বিস্তারিত অবহিত করা হয়।
আলোচনায় সংসদীয় কাজকে আরও ফলপ্রসূ করতে বেসরকারি সদস্যদের আইন প্রণয়ন ও বিল উত্থাপনের প্রক্রিয়ায় প্রয়োজনীয় সাহায্য ও পরামর্শ দেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।
বৈঠকে বলা হয়, বেসরকারি সদস্যদের দাখিল করা কোনো বিল যদি অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ থাকে, তবে তা ঝুলিয়ে না রেখে সংশ্লিষ্ট সদস্যকে কার্যদিবসের মধ্যে অর্থাৎ এক সপ্তাহের ভেতরে ত্রুটির কারণ ব্যাখ্যা করে লিখিতভাবে জানাতে হবে, যাতে দ্রুত সংশোধনের সুযোগ মেলে।
এছাড়া বৈঠকে অর্থ বিলের ক্ষেত্রসমূহে রাষ্ট্রপতির অনুশাসন ও সম্মতি নেওয়ার যে জটিলতা ও দীর্ঘসূত্রতা রয়েছে, তা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন- আইন , বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
আপনার মতামত লিখুন :