• ঢাকা
  • | |
Alifhostbd

ঈদে মিলাদুন্নবীতে প্রাথমিক বিদ্যালয়ে যেসব কর্মসূচি পালনের নির্দেশ


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd


পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি আয়োজনের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী বুধবার (২৬ আগস্ট) ১২ রবিউল আউয়াল এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলনসহ নানা আয়োজন করা হবে।


রোববার (২৩ আগস্ট) মন্ত্রণালয়ের প্রশাসন-২ অধিশাখা থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়। উপসচিব মো. শামছুল আরিফ স্বাক্ষরিত ওই চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। পাশাপাশি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ নিয়ে আলোচনা সভার আয়োজন করতে হবে।

এ ছাড়া ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে।


শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দোয়া মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা যাবে। মহানবী (সা.)-এর জীবন ও কর্মের ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের কর্মসূচি নির্ধারণ ও বাস্তবায়ন নিয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্তের ভিত্তিতেই এসব কর্মসূচির নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং সশস্ত্র বাহিনীর স্থাপনাগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পিটিআই সুপারিনটেনডেন্ট এবং উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নিজ নিজ অধীন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনাগুলো বাস্তবায়ন নিশ্চিত করতে বলা হয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ