আয়-ব্যয়ে হিসাব দিতে সময় বাড়াল ইসি
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2026 ইং
নিবন্ধিত মোট ২১টি রাজনৈতিক দল নির্ধারিত সময়ের মধ্যে বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিতে পারেনি। দলগুলোর হিসাব দিতে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়িয়েছে সংস্থাটি।
শনিবার (২২ আগস্ট) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। গত ৩১ জুলাই ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ সময় ছিল।
৬০টি নিবন্ধিত দলের মধ্যে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি দল ৩১ জুলাইয়ের মধ্যে হিসাব জমা দিয়েছে। জাতীয় নাগরিক পার্টিসহ সাতটি দল কোনো সাড়া দেয়নি।
১৩টি দল সময় বাড়ানোর আবেদন করেছিল। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ১৩ আগস্ট হিসাব জমা দিয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, গত জুন মাসে দলগুলোকে ৩১ জুলাইয়ের মধ্যে হিসাব দিতে চিঠি দেওয়া হয়। মোট ২০টি দলের হিসাব এখনো পাওয়া যায়নি। এনসিপিসহ সাতটি দল কোনো সাড়া দেয়নি। ১৩টি দল সময় বাড়ানোর আবেদন করেছে।
সাড়া না দেওয়া দলগুলোর মধ্যে রয়েছে—এনসিপি, জনতার দল, আমজনতার দল, বাংলাদেশ জাসদ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, তৃণমূল বিএনপি ও বাংলাদেশ সুপ্রিম পার্টি। এই দলগুলোকে সতর্ক করে চিঠি দেওয়া হতে পারে। অন্য ১৩টি দলের জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। তবে যারা সাড়া দেয়নি তারাও এই সময়ের মধ্যে হিসাব জমা দিলে কোনো অসুবিধা হবে না।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, যারা সময় বাড়ানোর আবেদন করেছে তাদের জন্য সময় বাড়ানো হয়েছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। যারা সাড়া দেয়নি, তাদের চিঠি দেওয়া হবে।
রাজনৈতিক দল নিবন্ধন আইন অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যায়ের হিসাব দিতে হয়। কোনো দল পরপর তিন বছর হিসাব জমা না দিলে সেই দলের নিবন্ধন বাতিল হবে।
আপনার মতামত লিখুন :