• ঢাকা
  • | |
Alifhostbd

সরকারি ব্যয়ে আবারও কড়াকড়ি, গাড়ি কেনা ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd


চলতি ২০২৬–২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে সরকারি ব্যয়ে কঠোর নির্দেশিকা জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। গত সোমবার জারি করা এক পরিপত্রে নতুন যানবাহন কেনা, বিদেশ ভ্রমণ ও অনাবশ্যক ভবন নির্মাণ স্থগিত রাখাসহ এডিপির কম গুরুত্বপূর্ণ প্রকল্প ছাঁটাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিপত্র অনুযায়ী, কোনো মন্ত্রণালয় বা বিভাগ মূল বাজেটের নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত বরাদ্দ দাবি করতে পারবে না। মূল বাজেটের সীমার মধ্যে সরকারের অগ্রাধিকার ও নীতি বাস্তবায়নে বরাদ্দ পুনর্বিন্যাস করতে হবে। আগামী ২৬ নভেম্বরের মধ্যে সব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে তাদের সংশোধিত বাজেট প্রস্তাব জমা দিতে বলা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী চলতি অর্থবছরে সব ধরনের নতুন গাড়ি বা যানবাহন কেনা বন্ধ থাকবে। তবে ১০ বছরের পুরোনো টিওঅ্যান্ডইভুক্ত গাড়ি প্রতিস্থাপন এবং নতুন সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থ বিভাগের আগাম অনুমোদন সাপেক্ষে কেনা যাবে। এ ক্ষেত্রে অ্যাম্বুলেন্স ও নিরাপত্তাসংক্রান্ত গাড়ি ছাড়া নতুন বা প্রতিস্থাপিত গাড়ি অবশ্যই বৈদ্যুতিক হতে হবে।

তবে ২০২৬ সালের ৮ জুলাইয়ের আগে অনুমোদিত উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে এ শর্ত শিথিল থাকবে। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়ের স্থাপনা ছাড়া নতুন কোনো ভবন নির্মাণ বন্ধ রাখা হয়েছে। তবে ৭০ শতাংশ বা তার বেশি কাজ শেষ হওয়া ভবনের কাজ অর্থ বিভাগের অনুমতিক্রমে সম্পন্ন করা যাবে। এছাড়া সরকারি কর্মচারীদের সুদমুক্ত বিশেষ গাড়ি ঋণ বন্ধ রাখা হয়েছে এবং পরিচালন বাজেটে ভূমি অধিগ্রহণের জন্য বরাদ্দ রাখাও নিষিদ্ধ করা হয়েছে।

সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণ পুরোপুরি বন্ধ থাকবে। কেবল অতীব জরুরি ক্ষেত্রে সীমিত পরিসরে অনুমতিক্রমে বিদেশে যাওয়া যাবে। তবে অভ্যন্তরীণ আপ্যায়ন ও সেমিনার আয়োজনের জন্য বরাদ্দ রাখা গেলেও আড়ম্বর পরিহার করে সর্বোচ্চ সাশ্রয়ী হতে বলা হয়েছে।

সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রকল্পের সংখ্যা সীমিত রেখে কম গুরুত্বপূর্ণ প্রকল্প তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে অর্থ বিভাগ। ধীরগতির প্রকল্প থেকে অর্থ কেটে দ্রুত বাস্তবায়নযোগ্য ও গুরুত্বপূর্ণ প্রকল্পে বরাদ্দ দিতে বলা হয়েছে। বৈদেশিক ঋণ ও অনুদানপুষ্ট প্রকল্প, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, বিদ্যুৎ উৎপাদন, পরিবেশ-জলবায়ু রক্ষা এবং চলতি অর্থবছরে সমাপ্তির জন্য নির্ধারিত প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিতে হবে। চলমান প্রকল্পের জন্য প্রয়োজনীয় স্থানীয় মুদ্রার সংস্থান নিশ্চিত না করে নতুন কোনো প্রকল্পে অর্থ বরাদ্দ প্রস্তাব করা যাবে না।

সংশোধিত পরিচালন বাজেট তৈরিতে ২০২৬ সালের জাতীয় বেতনকাঠামো অনুসরণ করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে চলতি অর্থবছরের অক্টোবর মাসের প্রকৃত বেতন-ভাতার পরিসংখ্যান ভিত্তি হিসেবে গণ্য করা যাবে। এছাড়া রাজস্ব আয় ও পরিচালন ব্যয়ের হিসাব চূড়ান্ত করতে বিগত দুটি অর্থবছরের প্রথম ছয় মাস এবং চলতি অর্থবছরের প্রথম চার মাসের প্রকৃত আয়-ব্যয়ের ধারা বিবেচনা করার নির্দেশ দিয়েছে অর্থ বিভাগ।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ