• ঢাকা
  • | |
Alifhostbd

দুজনেরই ৫ উইকেট, বল টানাটানি না করে কেটেই সমাধান


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

পাকিস্তানের ব্যাটিং ধসিয়ে হাসিমুখে মাঠ ছাড়লেন জশ টাং ও অলি রবিনসন। সীমানার কাছে এসে দুই পেসার হাত ধরে ছবির জন্য পোজও দিলেন তারা। তবে বিপত্তি বাধল অন্য জায়গায়। দুজনই তো নিয়েছেন ৫টি করে উইকেট। তাহলে ম্যাচ বল নেবেন কে?

সমাধান এলো রবিনসনের মাথা থেকে। তিনিই প্রথম বুদ্ধি দিলেন, ৬ আউন্সের লাল বল কেটে দুই ভাগ করে নিলেন কেমন হয়? তাতে সায় দিলেন টাংও। বাকি কাজ সারল ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। যার সৌজন্যে ইংল্যান্ডের দুই পেসারই পেলেন এক টুকরা করে বল। 

হেডিংলিতে বুধবার রাতে দেখা গেছে এমন কাণ্ড। টাং ৪৬ রানে ৫টি ও রবিনসন ৫১ রানে ৫টি উইকেট নিলে মাত্র ১৭১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দীর্ঘ দিনের রীতি অনুযায়ী, কোনো বোলার ৫ উইকেট পেলে তাকে স্মারক হিসেবে ম্যাচ বলটি দেওয়া হয়। 

কিন্তু এক্ষেত্রে ৫ উইকেট তো পেয়েছেন দুজন বোলার! আর পাকিস্তান ৮০ ওভারের আগেই অলআউট হওয়ায় ব্যবহৃত হয়েছে একটিই বল। এ কারণেই মূলত স্মারক হিসেবে রাখার জন্য বলটি কেটে দুই ভাগ করার সিদ্ধান্ত নেন টাং ও রবিনসন।

দিনের খেলা শেষে এই গল্প জানান রবিনসন।

“আমরা যখন মাঠ ছেড়ে বের হয়ে যাচ্ছিলাম, টাংকে বললাম, আমাদের মনে হয় বলটা দুই ভাগ করে নেওয়া উচিত। সেও একই কথা বলল। পরে আমি বললাম, হ্যাঁ! এটি দারুণ ব্যাপার হবে। এটি বিরল ব্যাপার। কারণ আমার মনে হয় না, খুঁজলে খুব বেশি অর্ধেক বল পাওয়া যাবে!”

“এটি দারুণ ব্যাপার। আমরা সহজে ভুলব না। খুব সহসাই এক ইনিংসে দুই বোলারের ৫ উইকেটের ঘটনা দেখা যায় না। তো এটি মনে রাখার মতোই ব্যাপার।”

পাকিস্তানের ব্যাটারদের কাঁপিয়ে ৫১ রানে ৫ উইকেট নিয়েছেন রবিনসন। টেস্ট ক্যারিয়ারে এটি তার পঞ্চম ৫ উইকেট। সতীর্থ পেসারকে ছাপিয়ে গিয়ে ৪৬ রানে ৫ উইকেট নিয়েছেন টাং। তার টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ৫ উইকেট এটি।

টেস্টের একই ইনিংসে ইংল্যান্ডের দুই বোলারের ৫ উইকেট নেওয়ার ১৬তম ঘটনা এটি। তবে গত ২০ বছরের মধ্যে এটিই প্রথম। এর আগে সবশেষ ২০০৬ সালে ম্যানচেস্টারে পাকিস্তানের বিপক্ষে মন্টি পানেসার ও স্টিভ হার্মিসন নিয়েছিলেন ৫টি করে উইকেট।

আর শুধু পেসারদের হিসেব করলে ফিরে যেতে হবে ২৮ বছর আগে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৯৮ সালের ত্রিনিদাদ টেস্টের প্রথম ইনিংসে ৫টি করে উইকেট নেন অ্যাঙ্গাস ফ্রেজার ও অ্যান্ডি ক্যাডিক।

এছাড়া পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে দুই বোলারের ৫ উইকেট নেওয়ার চতুর্থ ঘটনা এটি। এর তিনটি আবার ইংল্যান্ডেরই করা। 

সব মিলিয়ে এক ইনিংসে দুই বোলারের ৫ উইকেট নেওয়ার ৫৮তম ঘটনার জন্ম দিলেন রবিনসন ও টাং। আর গত পাঁচ বছরের মধ্যে এটিই প্রথম। এর আগে সবশেষ ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫টি করে উইকেট নেন শ্রীলঙ্কার দুই স্পিনার রমেশ মেন্ডিস ও লাসিথ এম্বুলদেনিয়া।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ