• ঢাকা
  • | |
Alifhostbd

টানা ১৩ হার, তবু বিশেষ সুবিধায় ইউএস ওপেনে ভেনাস


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

আবারও ইউএস ওপেন টেনিসের ওয়াইল্ডকার্ড পেলেন ভেনাস উইলিয়ামস। টুর্নামেন্টের মূল ড্রয়ে মঙ্গলবার তাকে ওয়াইল্ডকার্ড দিয়েছে আয়োজকরা। ফলে ৪৬ বছর বয়সী এই তারকাকে আবারও দেখা যাবে ইউএস ওপেনের মঞ্চে।

সাতবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ভেনাস গত বছরও ইউএস ওপেনে ওয়াইল্ডকার্ড পেয়েছিলেন। তবে ফ্লাশিং মিডোজে প্রথম রাউন্ডেই চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভার কাছে হেরে বিদায় নেন তিনি।

এবারও তার সামনে কঠিন চ্যালেঞ্জ। দীর্ঘদিন ধরে গ্র্যান্ড স্ল্যাম পর্যায়ে সাফল্যের দেখা পাচ্ছেন না ভেনাস। সবশেষ ২০২১ সালে অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন তিনি। এরপর আর কোনো গ্র্যান্ড স্ল্যামে ম্যাচ জিততে পারেননি।

এ বছর অস্ট্রেলিয়ান ওপেনে ইতিহাস গড়েছিলেন ভেনাস। টুর্নামেন্টের নারী একক মূল ড্রয়ে অংশ নেওয়া সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হয়েছিলেন তিনি। তবে প্রথম রাউন্ডেই তিন সেটের লড়াইয়ে ওলগা দানিলোভিচের কাছে হেরে যান।

শুক্রবার সিনসিনাটি ওপেনে এমিলিয়ানা আরাঙ্গোর কাছে সরাসরি সেটে হেরে যান ভেনাস। সব মিলিয়ে জুলাই ২০২৫ থেকে টানা ১৩টি ম্যাচে পরাজিত হয়েছেন তিনি। এত দীর্ঘ হারের ধারার মধ্যেও ইউএস ওপেনে আবারও তাকে সুযোগ দেওয়া হয়েছে।

সিনসিনাটি ওপেনের দ্বৈত ইভেন্টেও বোন সেরেনা উইলিয়ামসের সঙ্গে জুটি বেঁধে কোর্টে ফিরেছিলেন ভেনাস। ২০২২ সালের পর প্রথমবার একসঙ্গে ডাবলসে খেলেন দুই বোন। তবে প্রথম রাউন্ডেই তাদের বিদায় নিতে হয়।

ভেনাসের ক্যারিয়ার অবশ্য দারুণ সাফল্যে ভরা। সাতটি গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপা জিতেছেন তিনি। ভেনাস সবশেষ গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন ২০০৮ সালে। ইউএস ওপেনে তার শিরোপা দুটি—২০০০ ও ২০০১ সালে।

এবার তার সঙ্গে ইউএস ওপেনে ওয়াইল্ডকার্ড পেয়েছেন ২০১৭ সালের চ্যাম্পিয়ন স্লোয়ান স্টিফেন্সও। ৩৩ বছর বয়সী এই মার্কিন খেলোয়াড় পায়ের চোটের কারণে ২০২৫ মৌসুমের বড় অংশ খেলতে পারেননি এবং এখন ফেরার চেষ্টা করছেন।

নারী এককের আরও একটি ওয়াইল্ডকার্ড অবশ্য এখনো ঘোষণা করা হয়নি।

পুরুষ এককে ওয়াইল্ডকার্ড পাওয়া খেলোয়াড়দের মধ্যে রয়েছেন ফরাসি তারকা গায়েল মঁফিলস। সাবেক বিশ্বনম্বর ছয় মঁফিলস মৌসুম শেষে অবসরের ঘোষণা দিয়েছেন। স্ত্রী এলিনা সভিতোলিনার সঙ্গে ইউএস ওপেনের মিশ্র দ্বৈতেও ওয়াইল্ডকার্ড পেয়েছেন তিনি।

আগামী ৩০ আগস্ট শুরু হবে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ