রিয়ালে না গিয়ে বার্সার পথে রদ্রি
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
ম্যানচেস্টার সিটির তারকা রদ্রি চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে বেছে নিয়ে কেন রিয়াল মাদ্রিদকে প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছেন, তা নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য বৃহস্পতিবার সামনে এসেছে।
সারাদিন ধরে পুরো ইউরোপের মিডিয়া শিরোনামে রাজত্ব করেছে রদ্রির এই 'সিদ্ধান্ত'।
আগামী বছরগুলোতে স্প্যানিশ ফুটবলে আধিপত্য বিস্তারের লড়াইয়ে রদ্রির এই সিদ্ধান্ত হতে পারে এক বিশাল মোড়। অনেকের চোখেই বর্তমানে বিশ্বের সেরা এই মিডফিল্ডার সিদ্ধান্তে পৌঁছেছেন, হানসি ফ্লিকের বার্সেলোনায় যোগ দেওয়াই তাঁর ক্যারিয়ারের পরবর্তী যৌক্তিক পদক্ষেপ।
সপ্তাহজুড়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে জোর গুঞ্জন চললেও শেষ পর্যন্ত তাদের হতাশ হতে হচ্ছে। নতুন মৌসুমের আগে হোসে মরিনহো ও তাঁর কোচিং স্টাফদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় ধাক্কা।
তাহলে মাদ্রিদ থেকে মুখ ফিরিয়ে কাতালোনিয়ার দিকে ঝুঁকতে রদ্রির জন্য নির্ণায়ক ভূমিকা পালন করেছিল কোনটি? স্প্যানিশ গণমাধ্যম 'মুন্দো দেপোর্তিভো' আজ সন্ধ্যায় ঠিক সেই বিষয়টিই প্রকাশ করেছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ‘৩০ বছর বয়সী রদ্রি মনে করেন, বার্সেলোনার খেলার ধরনের সঙ্গে তাঁর খেলার শৈলী বেশি মেলে। এমনকি স্প্যানিশ জাতীয় দলে তাঁর সঙ্গে খেলা অনেক খেলোয়াড়ের সঙ্গেও তাঁর ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে। প্রস্তাবটি বিবেচনা করার জন্য তিনি সময় নিয়েছিলেন এবং শেষ পর্যন্ত বার্সাকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন।’
ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের দীর্ঘমেয়াদি চোটের কারণেই রদ্রিকে দলে নেওয়ার পরিকল্পনা হাতে নেয় বার্সা। ডান হাঁটুর মিডিয়াল কোলাটেরাল লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হতে পারে এই ডাচ মিডফিল্ডারকে। অস্ত্রোপচারের পথে না হাঁটলে সুস্থ হতে চার মাস পর্যন্ত সময় লাগতে পারে।
তাতে কাজ না হলে অস্ত্রোপচারের পথে যেতে হতে পারে, যা আরও লম্বা সময় নেবে। সাম্প্রতিক বছরগুলোয় চোটের কারণে তিনি বার্সার অনেক ম্যাচ মিস করেছেন। তাঁর বিকল্প হিসেবে একজন অভিজ্ঞ মিডফিল্ডার খুঁজছিল বার্সেলোনা।
জার্মান ফুটবল মিডিয়া ওয়ানফুটবলের প্রতিবেদনে বলা হয়েছে, রদ্রিকে ক্যাম্প ন্যুতে নিয়ে আসার প্রক্রিয়ায় ফ্লিক নাকি কাতালান ক্লাবটির ক্রীড়া পরিচালকের ওপর ভরসা রাখতে পারেননি। জার্মান এই কোচ দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। মাদ্রিদে জন্ম নেওয়া এই ফুটবলার বার্সার ভবিষ্যৎ পরিকল্পনায় কতটা গুরুত্ব বহন করেন, সেটি সরাসরি বোঝাতে রদ্রির সঙ্গে ফোনে কথা বলেন ফ্লিক।
আপনার মতামত লিখুন :