২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫টি শিশু।
বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৭৩৯ শিশু। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৬ শিশুর। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ৮৩৫ শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৫ শিশু হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গজনিত রোগী শনাক্ত হয়েছে ৮৭০ জন। এ সময়ে ৮১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৮৫৫ শিশু।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৭ হাজার ৪১০ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৫ হাজার ৮৭৪ জনের।
এ সময়ের মধ্যে মোট ১ লাখ ১০ হাজার ১৮২ রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৬ হাজার ৫৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
আপনার মতামত লিখুন :