তোমাকে সামনে বসালেই # অসিত মুকুটমণি
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2026 ইং
তোমাকে সামনে বসালেই আমার ভাবনার ঝাঁপি খুলে যায়
সেখানে বিষ আর অমৃত মিলেমিশে এক্কা দোক্কা খেলে।
ভেবেছিলাম তোমার উঠোনে গিয়ে দাঁড়াবো না কোনদিনও
এমনকি উঁকিও দেব না ঐ বাতায়নে।
নিজেকে সংযত ও সংহত করার চেষ্টায় কী না করেছি
কিন্তু নিজেই নিজের কথাটা রাখতে পারি না শেষমেষ
আকর্ষণের শক্তিশালী ঘূর্ণিবায়ু দূরত্বের প্রাচীরটা ভেঙ্গে
অজ্ঞাতেই আমাকে আছড়ে ফেলে তোমার আঙিনায়।
সেখানেই আমার স্বাধীন সত্তাটির নিষ্ক্রিয় মৃত্যু
ঘটে
পরাভব পরাজয় আমার ঘাড়ে জগদ্দল হয়ে চেপে বসে।
অতীতের স্মৃতি সক্রিয়তার তাড়নে
আমি সত্যি সত্যি বেসামাল হয়ে পড়ি
নিজেকে নিজের ভেতর আটকে রাখার সমর্থ্যও হারিয়ে ফেলি
মায়া হরিণীর কাজলি আঁচড়ে আমি পথভ্রান্ত দিকভ্রান্ত হয়ে যাই ।
আমি তখন অথৈ পাথারে কুলহীন সাঁতারে
শক্ত হাত আমাকে উদ্ধারে এগিয়ে না এলে
আমি নিশ্চিত ডুবে যাব অতল গহিনে।
ভালোবাসার সিলেবাসটা বড়ই জটিল এবং বহুরূপী
সেখানে সুস্বাদু চকলেটের সাথে কাঁকর মিশিয়েও সাবলীল বিলি করা হয়
কেউ কাঁকর কামড়ে দাঁত ভাঙ্গে কেউ বা চকলেট চুষে মধু খায়।
এর ব্যাকরণ ভর্তি যত যান্ত্রিক জটিলতা
এটার হিসেব মিলে তো ওটার হিসেব মেলে না।
কতকাল চলে গেল কত জল বয়ে গেল
কিন্তু এ জটিলতার জট আজও খুলল না
খুলবেও না কোন কালে এতই কুটিল
প্রেমাস্পদ যেন পদ্মবিলে এক গোক্ষুর সাপের
কুহেলি
সেখানে লোভ আর ভয় নিয়ে পথ চেয়ে চেয়েই
কেমন এক অশান্তিতে কেটে যায় বার মাস।
প্রকাশ ২৮/০৭/২৬ See less
আপনার মতামত লিখুন :