বাড়ছে বৃষ্টির সম্ভাবনা,কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপরে
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jul 17, 2026 ইং
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন বিহার-গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। তবে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল থাকায় আগামী তিন দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান।
পূর্বাভাসে বলা হয়, শুক্রবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে দেশের দুই জেলায় কুশিয়ারা নদীর দুটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুরমা, কুশিয়ারা, সোমেশ্বরী ও তিস্তা নদীর কয়েকটি স্টেশনে পানি সতর্কসীমার কাছাকাছি রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন নদ-নদীর পানি সমতলে মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে। অর্থাৎ দেশের বিভিন্ন স্থানে নদ-নদীর পানি কোথাও বাড়ছে, কোথাও আবার কমছে।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টার তথ্যের ভিত্তিতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত স্টেশন রয়েছে দুটি। দুটি স্টেশনই কুশিয়ারা নদীর। এর মধ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার এবং সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
একই সময়ে পর্যবেক্ষণাধীন ১২৭টি পানি সমতল স্টেশনের মধ্যে ৬৮টিতে নদ-নদীর পানি বেড়েছে, ৫৬টিতে কমেছে, দুটি স্টেশনে অপরিবর্তিত রয়েছে এবং একটি স্টেশনের তথ্য সংগ্রহ প্রক্রিয়াধীন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের উজানে সর্বোচ্চ ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ভারতের মেঘালয়ের আর কে এম সোহরায়। একই সময়ে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ১১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারের টেকনাফে।
এদিকে কয়েকটি নদীর পানি সতর্কসীমার কাছাকাছি রয়েছে। এর মধ্যে রয়েছে সুনামগঞ্জের ছাতকে সুরমা নদী, সিলেটের শেরপুরে কুশিয়ারা নদী, নেত্রকোণার কলমাকান্দায় সোমেশ্বরী নদী এবং তিস্তা নদীর নীলফামারীর ডালিয়া, রংপুরের কাউনিয়া ও গাইবান্ধার হরিপুর পয়েন্ট।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এসব তথ্য জানানো হয়েছে।
আগামীকাল শনিবার (১৮ জুলাই) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
রোববার (১৯ জুলাই) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বান্দরবানে ২৮ মিলিমিটার। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদী ও সৈয়দপুরে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ২৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আপনার মতামত লিখুন :