• ঢাকা
  • | |
Alifhostbd

ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 25, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির প্রকৃত সংখ্যা এখনও সামনে না এলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ভয়াবহ সংখ্যক’ মানুষের মৃত্যুর আশঙ্কার কথা জানিয়েছেন। একইসঙ্গে উদ্ধারকারী দল, চিকিৎসাসামগ্রী ও মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার এই কম্পনের জেরে দেশটিতে বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে বিপুল প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘ভেনেজুয়েলার জনগণের ওপর আঘাত হানা দুটি বড় ভূমিকম্পই অত্যন্ত শক্তিশালী ছিল এবং এতে ভয়াবহ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’। ট্রাম্প জানান, তিনি মার্কিন সরকারের সব সংস্থাকে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। তার ভাষায়, ‘আমরা আমাদের নতুন ও মহান বন্ধুদের পাশে থাকব। প্রাথমিকভাবে যেসব খবর পাওয়া যাচ্ছে, তা ভালো নয়।’

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে ভেনেজুয়েলায় অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসাসামগ্রী এবং মানবিক সহায়তা পাঠাচ্ছে। এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, যারা আহত হয়েছেন এবং যারা নিরলসভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন— তাদের সবার প্রতি আমাদের সমবেদনা রইল।’

এর আগে তার ডেপুটি ক্রিস্টোফার ল্যান্ডাউ জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সহায়তা কার্যক্রম প্রস্তুত করছে।

অন্যদিকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ট্রাম্প নিয়মিত ভেনেজুয়েলার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং যুক্তরাষ্ট্র সরকার ভেনেজুয়েলার প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করেছে।

রদ্রিগেজ আরও জানান, বিভিন্ন দেশের নেতাদের কাছ থেকেও সমর্থনের বার্তা পেয়েছেন তিনি। এ জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্তসহ অন্য নেতাদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, এখন পর্যন্ত অন্তত ৩২ জন নিহত ও ৭০০ জন আহত হয়েছেন। এছাড়া বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়েছে, বহু মানুষ আটকা পড়েছেন এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে গ্যাস সরবরাহও সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এই পরিস্থিতিকে তিনি ‘প্রকৃত ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করেন।

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার থেকে ১ লাখের মধ্যে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে রাজধানী কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর পরপরই রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার আরও শক্তিশালী একটি ভূমিকম্প হয়।

সংস্থাটি বলেছে, ‘ব্যাপক প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। আর ভয়াবহ এই দুর্যোগের প্রভাব বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়তে পারে।’

ইউএসজিএসের হিসাব অনুযায়ী, মৃতের সংখ্যা ১০ হাজারের বেশি হওয়ার আশঙ্কা ৪৪ শতাংশ। আর ১ লাখের বেশি মানুষের মৃত্যু হতে পারে—এমন আশঙ্কা ৩০ শতাংশ।

এছাড়া ভূমিধস এবং মাটির তরলীকরণ বা ‘লিকুইফ্যাকশন’-এরও উল্লেখযোগ্য ঝুঁকি রয়েছে। মূলত ভূমিকম্পের সময় আলগা মাটির স্তর তরলের মতো আচরণ করলে যে পরিস্থিতি তৈরি হয়, তাকে লিকুইফ্যাকশন বলা হয়। এটি অনেকটা ভূমিধসের মতো ক্ষতির কারণ হতে পারে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ