সোফি স্টেডিয়ামে পর্দা ওঠেছে বিশ্বকাপের মার্কিন অধ্যায়ের
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 13, 2026 ইং
মেক্সিকো-কানাডার পর এবারের বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে পর্দা ওঠে এবারের বিশ্বকাপের মার্কিন অধ্যায়ের।
৭০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামের ছাদ থেকে ঝুলিয়ে রাখা হয়েছিল সোনালি রঙের বিশাল ‘ফিফা’ । তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তিনি ফোনে যুক্তরাষ্ট্র দলের খেলোয়াড়দের শুভকামনা জানিয়েছেন বলে জানা যায়।
লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে বিশাল পর্দায় ভেসে ওঠে শহরের বিখ্যাত ‘হলিউড’ সাইন। এরপর ঘোষণা আসে, ‘ওয়েলকাম টু দ্য ইউএসএ’। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন জনপ্রিয় সংগীতশিল্পী ফিউচার, টাইলা, আনিত্তা ও কোরিয়ান পপ তারকা লিসা।
লস অ্যাঞ্জেলেসের স্ট্রিট আর্ট ও সৃজনশীল সংস্কৃতিকে তুলে ধরতে বিশেষ পোশাক ও মঞ্চসজ্জার আয়োজন করা হয়। ম্যাচ শুরুর আগে পরিবেশনায় ছিলেন হলিউড অভিনেতা জেসন সুদেইকিস ও গায়িকা কেটি পেরিও।
স্টেডিয়ামে উপস্থিত ছিলেন হলিউড ও ক্রীড়াজগতের অনেক পরিচিত মুখ। তাদের মধ্যে ছিলেন টম ক্রুজ, ডেভিড বেকহ্যাম, হ্যালি বেরি, রব লো, ওউইন উইলসন ও প্যারিস হিলটন। মাঠের মাঝখানে রাখা বিশাল বিশ্বকাপ ট্রফিকে ঘিরে নৃত্যশিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
এদিন সকাল ৭টায় নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে আতিথ্য দেবে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের উত্তর-দক্ষিণের দুই সহ-আয়োজক মেক্সিকো-কানাডা খেলে ফেলেছে তাদের প্রথম ম্যাচ। মেক্সিকো জিতেছে, ড্র করেছে কানাডা। আয়োজক দেশ হিসেবে তাই দুর্দান্ত এক শুরুর অপেক্ষায় যুক্তরাষ্ট্রও।
সোফি স্টেডিয়ামের এই অনুষ্ঠানে পারফর্ম করেন মার্কিন পপ তারকা কেটি পেরি, দক্ষিণ কোরিয়ান গার্ল ব্যান্ড ব্ল্যাকপিংকের সদস্য লিসা, র্যাপ তারকা ফিউচার, ব্রাজিলিয়ান গায়িকা আনিট্টা, নাইজেরিয়ান শিল্পী রেমা এবং আফ্রিকার জনপ্রিয় তারকা টাইলা।
উল্লেখ্য, ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো তিনটি আয়োজক দেশের আলাদা উদ্বোধনী অনুষ্ঠান বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে। আয়োজকদের আশা, এই আয়োজন শুধু খেলাকেই নয়, বরং সংশ্লিষ্ট দেশগুলোর সংস্কৃতি, ঐতিহ্য ও সৃজনশীলতাকেও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরবে। বড় পরিসরে ৩টি উদ্বোধনী অনুষ্ঠান শেষে এবার শুধু ৪৮ দলের মেগা ইভেন্টে চোখ দর্শকদের।
আপনার মতামত লিখুন :