‘আসন্ন বাজেটে বিদ্যুৎ খাতে ৪১ হাজার কোটি টাকার ভর্তুকি’
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 6, 2026 ইং
বিদ্যুৎ খাতে নতুন মূল্য সমন্বয়ের পরও মোট গ্রাহকের একটি বড় অংশ, অর্থাৎ প্রায় ৬৫ শতাংশ ‘লাইফ লাইন’ বা নিম্ন-ব্যবহারকারী গ্রাহকের ওপর কোনো বাড়তি চাপ পড়বে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী এই গ্রাহক শ্রেণির বিদ্যুতের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (৬ জুন) তথ্য অধিদপ্তরে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, বিদ্যুৎ খাতের বর্তমান আর্থিক বাস্তবতা এবং ভর্তুকির চাপ বিবেচনায় কিছু পর্যায়ে মূল্য সমন্বয় করা হলেও সাধারণ মানুষের জীবনযাত্রায় অতিরিক্ত চাপ না পড়ে, সে বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ খাতে ক্রমবর্ধমান ব্যয় সামাল দিতে আসন্ন বাজেটে প্রায় ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তথ্য উপদেষ্টা বলেন, এই বিশাল ভর্তুকির বোঝা দীর্ঘমেয়াদে কমিয়ে বিদ্যুৎ খাতকে টেকসই করার লক্ষ্যেই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রান্তিক ও স্বল্প আয়ের মানুষের ক্রয়ক্ষমতা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও সরকার সচেতন রয়েছে।
অন্যদিকে, জ্বালানি তেলের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত পণ্য ডিজেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বহাল রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
আপনার মতামত লিখুন :