আইন-শৃঙ্খলা ব্যবস্থায় মানুষের নাভিশ্বাস উঠছে: নাহিদ ইসলাম
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : May 28, 2026 ইং
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২৮ মে) সকালে রাজধানীর সালামবাগ জামে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা বর্তমানে বহুমুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। এর মধ্যে অর্থনৈতিক সংকট যেমন রয়েছে, তেমনি আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংকটও প্রকট হয়ে দাঁড়িয়েছে। দেশের বর্তমান আইন-শৃঙ্খলা ব্যবস্থার প্রতি মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।’
নাহিদ ইসলাম দেশের বিদ্যমান সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নিরাপত্তার অভাব মোকাবিলায় সরকারকে বিরোধী দলকে সঙ্গে নিয়ে ‘সংস্কারপন্থী’ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘সংস্কার কার্যক্রমগুলো একপাশে সরিয়ে রেখে সরকার বর্তমান সংকটগুলো দূর করতে পারবে না। এভাবে চলতে থাকলে সরকার বিরোধী দলের আস্থা কিংবা সহযোগিতাও পাবে না। তাই দেশের স্বার্থে আমরা সরকারকে সংস্কারপন্থী হওয়ার এবং সব রাজনৈতিক পক্ষকে আস্থায় নেওয়ার আহ্বান জানাই।’
আসন্ন জাতীয় বাজেট প্রসঙ্গে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রা এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অসহনীয় হয়ে পড়েছে। আসন্ন বাজেটে মানুষের জীবনযাত্রা কিছুটা হলেও সহনীয় করতে নিত্যপণ্যের দাম কমানোর দিকে সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন যে, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সরকার দেশের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
আপনার মতামত লিখুন :