রাজধানীর ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Nov 12, 2026 ইং
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, সিদ্ধেশ্বরী কলেজ, সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
পরিদর্শনকালে সচিব প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা ঘুরে দেখেন। তিনি শ্রেণিকক্ষ, ক্যাম্পাস, কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন। শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
এ সময় শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার পরামর্শ দেন আবদুল খালেক। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি গান, কবিতা আবৃত্তি, নাটক ও ধর্মীয় কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের বিনয়ী হওয়ার আহ্বান জানান।
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা নিয়ে সচিব বলেন, ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের উদ্যোগ নিতে হবে। এ সময় তিনি প্রতিষ্ঠান প্রধানদের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে শিক্ষার মানোন্নয়ন, সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান সিনিয়র সচিব।
আপনার মতামত লিখুন :