• ঢাকা
  • | |
Alifhostbd

ইউনাইটেডের ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটালেন ব্রুনো


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : May 9, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

ইংলিশ ফুটবলের সাংবাদিকদের ভোটে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। আর্সেনাল মিডফিল্ডার ডেক্লান রাইসকে ২৮ ভোটের ব্যবধানে হারিয়ে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছেন তিনি। ২০১০ সালে ওয়েইন রুনির পর ইউনাইটেডের প্রথম কোনো খেলোয়াড় হিসেবে এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি জিতলেন ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার।

এবারের ভোটাভুটিতে ফুটবল সাংবাদিকদের ৪৫ শতাংশ ভোট পেয়েছেন ফার্নান্দেস। অল্পের জন্য হেরে যাওয়া ডেক্লান রাইস ছাড়াও সেরা তিনে ছিলেন ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্ড। শীর্ষ তালিকায় আর্সেনালের বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল মাগালেস এবং গোলকিপার ডেভিড রায়া থাকলেও ম্যানচেস্টার ইউনাইটেডের আর কোনো খেলোয়াড় ভোট পাননি।

চলতি মৌসুমে রেড ডেভিলদের হয়ে অবিশ্বাস্য ছন্দে আছেন ব্রুনো। প্রিমিয়ার লিগে ৩৪ ম্যাচে ৮ গোল করার পাশাপাশি করেছেন ১৯ অ্যাসিস্ট। আর মাত্র একটি অ্যাসিস্ট করলেই থিয়েরি অঁরি ও কেভিন ডি ব্রুইনের গড়া এক মৌসুমে সর্বোচ্চ ২০ অ্যাসিস্টের রেকর্ড স্পর্শ করবেন ব্রুনো।

রুবেন আমোরিম বরখাস্ত হওয়ার পর মাইকেল ক্যারিকের অধীনে ইউনাইটেডের চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত নেপথ্যে মূল কারিগর হিসেবে কাজ করেছেন ব্রুনো। বার্নলির বিপক্ষে চোট কাটিয়ে ফেরার পর শেষ ১৬ ম্যাচের ১৩টিতেই গোল অথবা অ্যাসিস্টে অবদান রেখেছেন এই পর্তুগিজ তারকা।

১৯৪৮ সালে স্যার স্ট্যানলি ম্যাথিউসের হাত ধরে শুরু হওয়া এই পুরস্কারের ইতিহাসে দশম ইউনাইটেড খেলোয়াড় হিসেবে নাম লেখালেন ব্রুনো। ববি চার্লটন, এরিক ক্যান্টোনা, রয় কিন এবং ক্রিস্তিয়ানো রোনালদোর মতো কিংবদন্তিদের পাশে এখন তাঁর নামও উচ্চারিত হবে।

এদিকে নারীদের ফুটবলে একচেটিয়া জয় পেয়েছেন ম্যানচেস্টার সিটির বানি শ। ডব্লিউএসএল শিরোপা জেতার পথে চলতি মৌসুমে ১৯ গোল করে দ্বিতীয়বারের মতো এই সম্মাননা জিতলেন জ্যামাইকান এই ফরোয়ার্ড। এর আগে ২০২৩ সালেও তিনি বর্ষসেরা হয়েছিলেন। 

আলোচিত শীর্ষ ১০ সংবাদ