বরগুনায় ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, গ্রেপ্তার ২৪
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Nov 19, 2026 ইং
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এ ছাড়া জেলার বিভিন্ন থানায় নাশকতার পরিকল্পনাসহ বিভিন্ন অভিযোগে ছাত্রলীগসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খোঁজ নিয়ে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৯ নভেম্বরের লকডাউনকে কেন্দ্র করে বুধবার রাতে হঠাৎ আমতলীর শাখারিয়া নামক এলাকার বরিশাল কুয়াকাটা মহাসড়কে একটি ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ছাত্রলীগের আমতলী উপজেলা শাখার নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। মিছিলের একপর্যায়ে তারা পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটান। এ ছাড়া সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে হামলা চালিয়ে গ্লাস ভাঙচুর করে দ্রুত সড়ক ছেড়ে সটকে পড়েন। পরে ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক অভিযানে দুইজনসহ গত ২৪ ঘণ্টায় ১৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
অপরদিকে জেলার বিভিন্ন থানা এলাকায় আওয়ামী লীগের ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে বিচ্ছিন্ন কিছু নাশকতার ঘটনা ঘটে। এরমধ্যে বরগুনা সদর উপজেলার পৌরশহরে মাছবাজার এলাকা ও পাসপোর্ট অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করারও চেষ্টা করা হয়। বামনা উপজেলায় কয়েকটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে তালা লাগিয়ে কর্মসূচি পালনের চেষ্টা করেন নিষিদ্ধ ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরবর্তী সময়ে আমতলী উপজেলাসহ জেলার ছয়টি উপজেলায় অভিযান পরিচালনা করে বিভিন্ন থানা পুলিশের সদস্যরা। এসব অভিযানে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় নাশকতার পরিকল্পনাসহ বিভিন্ন অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের মোট ২৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিষ্পোরোক আইনের মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খাঁন বলেন, বুধবার থেকে এখন পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :