• ঢাকা
  • | |
Alifhostbd

অডিও ফাঁস বিতর্ক, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রাশমিকার


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Mar 14, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

বিয়ের পর স্বামী বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে হানিমুন কাটাচ্ছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। তবে আনন্দের এই সময়েই পুরোনো এক অডিও ফাঁসকে ঘিরে নতুন বিতর্কে জড়িয়েছেন তিনি। বিষয়টি নিয়ে চরম বিরক্তি প্রকাশ করে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বার্তায় রাশমিকা জানান, গত আট বছর ধরে একটি মহল তাকে নিয়ে নানা মিথ্যা তথ্য ও অপপ্রচার ছড়িয়ে আসছে। সম্প্রতি তার একটি পুরোনো ব্যক্তিগত কথোপকথনের অডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা নতুন করে বিতর্ক তৈরি করেছে।

ওই অডিওতে অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে সম্পর্ক ভাঙা এবং সেই সময়ের কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতে শোনা যায় বলে দাবি করা হচ্ছে। রাশমিকার অভিযোগ, প্রায় আট বছর আগে তার অনুমতি ছাড়া সেই কথোপকথন রেকর্ড করা হয়েছিল এবং এখন উদ্দেশ্যমূলকভাবে তা ছড়িয়ে দেওয়া হচ্ছে।

নিজের বার্তায় তিনি বলেন, একজন জনপরিচিত মানুষ হিসেবে সমালোচনা মেনে নেওয়া সম্ভব হলেও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন মেনে নেওয়া যায় না। এই ঘটনা তার পরিবারকেও অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছে বলে উল্লেখ করেন তিনি।

রাশমিকা আরও সতর্ক করে বলেন, যারা এই অডিওটি ছড়িয়ে দিচ্ছেন তারা দ্রুত তা বন্ধ না করলে তিনি মানহানির মামলা করতে বাধ্য হবেন।

প্রসঙ্গত, ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার সেটে রক্ষিত শেঠির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান রাশমিকা। ২০১৭ সালে তাদের বাগদান সম্পন্ন হলেও এক বছরের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়। পরবর্তী সময়ে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শুরু হয়, যা সম্প্রতি বিয়ের মাধ্যমে পূর্ণতা পেয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ