বিশ্বকাপ থেকে আমাদের কেউ বাদ দিতে পারবে না: ট্রাম্পকে ইরানের জবাব
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Mar 13, 2026 ইং
ফিফা বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র তিন মাস। কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আসন্ন ২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা ক্রমেই বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিজেদের নিরাপত্তার স্বার্থে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দেওয়ার পর, ইরান এর কড়া জবাব দেওয়ায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠেছে।
আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে শুরু হতে যাচ্ছে ফুটবলের এই বৈশ্বিক আসর। কিন্তু ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে গড়ালে এর প্রভাব সরাসরি ক্রীড়াঙ্গনেও এসে পড়েছে। প্রথমে বিশ্বকাপ খেলা নিয়ে ইরান সংশয় প্রকাশ করলেও, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে জানিয়েছিলেন যে, যুক্তরাষ্ট্র ইরানকে স্বাগত জানাবে।
তবে গতকাল ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ভিন্ন সুর তুলে বলেন, ইরান জাতীয় দলকে স্বাগত জানালেও, নিজেদের জীবন ও নিরাপত্তার কথা বিবেচনা করলে সেখানে তাদের অবস্থান করাটা উপযুক্ত হবে না।
ট্রাম্পের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। বৃহস্পতিবার ইরান জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, বিশ্বকাপে তাদের অংশগ্রহণ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দেশের সিদ্ধান্তে নির্ধারিত হবে না। ফিফা একটি আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা এবং ইরান নিজেদের যোগ্যতায় এই টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে। বিবৃতিতে উল্টো যুক্তরাষ্ট্রের নিরাপত্তাব্যবস্থার সমালোচনা করে বলা হয়, কেউ ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারবে না; বরং যে দেশ শুধু আয়োজক নাম বহন করে কিন্তু দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে অক্ষম, তাদেরই বাদ পড়া উচিত।
যুক্তরাষ্ট্র যদি শেষ পর্যন্ত ইরানকে আতিথেয়তা দিতে অস্বীকৃতি জানায়, তবে ফিফা যুক্তরাষ্ট্রের আয়োজক স্বত্ব বাতিল করার মতো কঠোর সিদ্ধান্তও নিতে পারে। এর আগে তিন বছর আগে ইন্দোনেশিয়া অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ইসরায়েলকে স্বাগত না জানানোয়, টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে ফিফা তাদের আয়োজক স্বত্ব বাতিল করে আর্জেন্টিনায় সরিয়ে নিয়েছিল।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা। আগামী ১৫ জুন ক্যালিফোর্নিয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে। এরপর একই ভেন্যুতে ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে তারা মাঠে নামবে।
আপনার মতামত লিখুন :