জুলাই সনদ বাস্তবায়নে সব দল অঙ্গীকারবদ্ধ: তথ্যমন্ত্রী
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
সব দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সব দল মিলে জুলাই সনদে স্বাক্ষর করেছে। যে কোনো মূল্যে এটি বাস্তবায়নে তারা দৃঢ়প্রতিজ্ঞ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, আজকের দিনটি গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আবার স্বাধীনতা ফিরে এসেছে।
রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের চর্চা আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বিগত একদলীয় সরকার জোর করে ক্ষমতা দখল করে দেশে গণতন্ত্রের ধারাকে ব্যাহত করেছে। এখন সংসদীয় সরকার ব্যবস্থায় ফিরে এসে সেই গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনা হয়েছে। এর পেছনে জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ রয়েছে।
আপনার মতামত লিখুন :