• ঢাকা
  • | |
Alifhostbd

বাংলাদেশকে ‘৫৪ অলআউট’ দিয়ে বিচার করতে নারাজ হেড


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

অস্ট্রেলিয়া সফরের শুরুটা একদমই ভালো করতে পারেনি বাংলাদেশ। নিজেদের ঝালিয়ে নেওয়ার তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে ইনিংস ব্যবধানে হেরে গেছে নাজমুল হোসেন শান্তর দল। তবে সেটির কারণে বাংলাদেশকে খাট করে দেখতে নারাজ ট্রাভিস হেড।

ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে যাচ্ছেতাই ব্যাটিং পারফরম্যান্সের পর মাত্র সোয়া দুই দিনে হেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরির সৌজন্যে ২৬৩ রান করতে পারলেও, দ্বিতীয়বার পুরোপুরি মুখ থুবড়ে পড়ে তারা।

মাত্র একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ক্যাম্পবেল থমসনের পেসে নাকাল হয়ে মাত্র ৫৪ রানে গুটিয়ে যায় সফরকারীরা। যার ফলে স্রেফ ৯২ রানের লিড নিয়েও ইনিংস ও ৩৮ রানের ব্যবধানে জিতে যায় স্বাগতিক ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ।

প্রস্তুতি ম্যাচের ব্যর্থতা ভোলার কঠিন মিশনে আগামী বৃহস্পতিবার মূল সিরিজের লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে এরই মধ্যে ডারউইনে অনুশীলন শুরু করে দিয়েছে দুই দল।

সোমবার দলের অনুশীলনের আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশকে সমীহ করেই কথা বলেন হেড।

“প্রস্তুতি ম্যাচগুলো এমনই হয়ে থাকে। আমিও বছরের পর বছর ধরে এরকম কিছু বাজে ম্যাচ খেলেছি। এই ম্যাচগুলো সবসময়ই বেশ চ্যালেঞ্জিং, কারণ মানসিকভাব হয়তো আপনি অন্য কোথাও মনোযোগ দিয়ে রেখেছেন।” 

“ক্রিকেট অস্ট্রেলিয়া দলকে ছোট না করেই বলছি- বাংলাদেশের ক্রিকেটাররা শুধু বৃহস্পতিবারের ম্যাচটি নিয়েই ভাববে। এই ম্যাচ থেকে তাদের কী অর্জন করা দরকার সেটা নিয়ে চিন্তিত থাকবে। প্রথম ইনিংসে তারা ভালো খেলেছে, ২৭০-এর মতো রান করেছে। একজন সেঞ্চুরিও পেয়েছে। তাই বাইরে থেকে দেখতে ফলাফল যেমনই লাগুক না কেন, তারা হয়তো কিছুটা হতাশ হতে পারে, তবে দল হিসেবে ভেতর থেকে তারা শুধু বৃহস্পতিবারের ম্যাচটি নিয়েই চিন্তা করছে।”

এই সিরিজ দিয়ে প্রায় ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলবে বাংলাদেশ। আর সব মিলিয়ে ২০১৭ সালের পর টেস্টে মুখোমুখি হয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। গত জুনে দুই দল ওয়ানডে সিরিজে মুখোমুখি হলেও, সেখানে ছিলেন না অস্ট্রেলিয়ার টেস্ট দলের বেশিরভাগ ক্রিকেটার।

তাই দুই টেস্ট খেলতে যাওয়া বাংলাদেশ দলটি অস্ট্রেলিয়ার জন্য একরকম অচেনা। তাই প্রতিপক্ষকে বোঝার জন্য ভিডিও ফুটেজেই ভরসা করছেন হেড।

“আমাদের অ্যানালিস্ট খুবই দক্ষ। আমরা প্রচুর ভিডিও ফুটেজ পাই। আমাদের রিসোর্সের কোনো কমতি নেই। তাই আগামী কয়েক দিনে উইকেট দেখে সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া ও সামনে কী আসতে পারে বা আমরা কীসের মুখোমুখি হতে যাচ্ছি, তা নিয়ে কাজ করাটাই মূল বিষয়।” 

“আমি যতটা সম্ভব ভালোভাবে প্রস্তুতি নিয়ে মাঠে নামার ধারা বজায় রাখতে চাই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও সব মিলিয়ে প্রতিটি সিরিজই সমান গুরুত্বপূর্ণ, তাই আপনাকে খেলার জন্য এবং ভালো খেলার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে।”

আলোচিত শীর্ষ ১০ সংবাদ