এবার রেফারির বিরুদ্ধে গুরুতর অভিযোগ বেলজিয়াম কোচের
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jul 11, 2026 ইং
ম্যাচ শেষ হলেও রেশ থেকে যাওয়াটা অস্বাভাবিক নয়। স্পেন-বেলজিয়াম ম্যাচের এখনও ২৪ ঘণ্টাও পেরোয়নি। এর মধ্যেই লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচের একটি ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে। ওই ঘটনা কেন্দ্র করে সরাসরি রেফারির দিকে আঙুল তুলেছেন বেলজিয়াম কোচ।
বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর রেফারি মাইকেল অলিভারের একটি সিদ্ধান্ত নিয়ে বেলজিয়াম কোচ জুডি গার্সিয়া ক্ষোভ প্রকাশ করে জানান, তিনি বুঝতেই পারছেন না স্পেনের ডি-বক্সে রদ্রির ‘হ্যান্ডবল’ কেন ভিএআরে রিভিউ করলেন না রেফারি।
শুক্রবার ২-১ গোলে হারের ম্যাচের ৬১তম মিনিটে নিজেদের ডি-বক্সে সতীর্থ এমরিক লাপোর্তের হেডে বল লাগে লাফিয়ে ওঠা রদ্রির হাতে। স্পেন অধিনায়কের হাত ছিল শরীরের খুব কাছে। সঙ্গে সঙ্গে পেনাল্টির আবেদন করেন বেলজিয়ামের খেলোয়াড়রা। তাতে সাড়া দেননি রেফারি অলিভার। খেলা চালিয়ে যাওয়ার ইশারা দেন তিনি। পরে ভিএআরও এই ঘটনা রিভিউ করেনি।
ম্যাচে তখন ছিল ১-১ সমতা। এই পরিস্থিতিতে বেলজিয়াম পেনাল্টি পেলে খেলার চিত্র বদলে যেতেই পারত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে, সম্ভাব্য পেনাল্টি পরীক্ষা না করায় ক্ষোভ প্রকাশ করলেন বেলজিয়াম কোচ গার্সিয়া।
তিনি বলেন, ‘আমরা স্পেনের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছি। এর বাইরে থিবো কোর্তোয়াকেও হারাই, যা দুর্ভাগ্য। কেভিন ডে ব্রুইনাকেও আমাদের আগেভাগে বদলি করাতে হয়। আর এরপর, আমি জানি না মাইকেল অলিভার কেন ভিএআরে (হ্যান্ডবল) রিভিউ করতে গেলেন না। এটা আমাদের বিপক্ষে গেছে।’
এর আগে আর্জেন্টিনা ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন মিশর কোচ। ঘটনাটি বহুদূর গড়ায়। শেষ পর্যন্ত এ নিয়ে বিবৃতি দেয় ফিফা রেফারি কমিটির প্রধান।
আগামী ১৪ জুলাই ডালাসে সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর এবারই প্রথম আবার ফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নামবে তারা।
আপনার মতামত লিখুন :