প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 19, 2026 ইং
গোপালগঞ্জের অস্থিরতায় রুট পরিবর্তন, চুয়াডাঙ্গা-দর্শনা হয়ে বেনাপোলে রূপসী বাংলা

গোপালগঞ্জের অস্থিতিশীল পরিস্থিতির কারণে নির্ধারিত রুট পরিবর্তন করে বিকল্প পথে বেনাপোলের উদ্দেশে যাত্রা করেছে ৮২৮ ডাউন রূপসী বাংলা এক্সপ্রেস। এই প্রথমবারের মতো ট্রেনটি চুয়াডাঙ্গা জেলার দর্শনা রেলপথ ব্যবহার করে বেনাপোলের উদ্দেশে যাত্রা সম্পন্ন করছে। আকস্মিক এই রুট পরিবর্তনে চুয়াডাঙ্গা ও দর্শনা অঞ্চলের রেলপথে তৈরি হয়েছে নতুন অভিজ্ঞতা।
রেলওয়ে সূত্রে জানা গেছে- পদ্মা সেতু হয়ে ভাঙ্গা জংশন, কাশিয়ানী জংশন, নড়াইল ও যশোর হয়ে বেনাপোলে পৌঁছানোর কথা ছিল রূপসী বাংলা এক্সপ্রেসের। কিন্তু গোপালগঞ্জের কাশিয়ানী জংশন এলাকায় অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হওয়ায় ট্রেনটি দীর্ঘ সময় ভাঙ্গা জংশন স্টেশনে আটকে থাকে। পরে রেলওয়ের কন্ট্রোল রুমের সিদ্ধান্তে ট্রেনটির জন্য বিকল্প রুট নির্ধারণ করা হয়।
নতুন রুট অনুযায়ী, ফরিদপুর-রাজবাড়ী-পোড়াদহ-চুয়াডাঙ্গা-কোটচাঁদপুর-যশোর হয়ে বেনাপোলের উদ্দেশে যাত্রা করে ট্রেনটি। বিকল্প পথে চলাচলের সময় কোনো স্টেশনে যাত্রাবিরতি না দিয়ে ননস্টপ চলাচলের নির্দেশনা দেওয়া হয়।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, গোপালগঞ্জ এলাকায় অস্থিতিশীল পরিস্থিতির কারণে ট্রেনটি নির্ধারিত রুটে না গিয়ে বিকল্প পথে বেনাপোলের উদ্দেশে যাচ্ছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ট্রেনটি চুয়াডাঙ্গা স্টেশনে পৌঁছায়। পরে কোনো স্টেশনে যাত্রাবিরতি না দিয়ে দর্শনা হল্ট স্টেশন অতিক্রম করে বেনাপোলের উদ্দেশে রওনা হয়।
এদিকে রূপসী বাংলা এক্সপ্রেসের এই আকস্মিক রুট পরিবর্তন চুয়াডাঙ্গা ও দর্শনা অঞ্চলের রেলযাত্রী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। বিশেষ করে প্রথমবারের মতো দর্শনা রেলপথ দিয়ে ট্রেনটির বেনাপোল যাত্রা স্থানীয়দের কাছে স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১