প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 19, 2026 ইং
দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট দলকে স্বাগত জানালেন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশ সফরে থাকা ভারতীয় দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট দলকে স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ২০২৬ সালের টি-টোয়েন্টি দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট এশিয়া কাপের ফাইনাল সামনে রেখে দলটির প্রতি শুভকামনাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার ইন্ডিয়া হাউসে ভারতীয় দলের সঙ্গে সাক্ষাৎ করেন হাইকমিশনার। এ সময় ফাইনালে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা জানিয়ে ক্রিকেটারদের উৎসাহিত করেন তিনি।
সাক্ষাৎকালে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের ক্ষমতায়নে ভারতের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন দীনেশ ত্রিবেদী। বিশেষ করে পুরুষ ও নারী—উভয় পর্যায়ে দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটের প্রাতিষ্ঠানিক সহায়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন তিনি।
পাশাপাশি প্রতিবন্ধীবান্ধব ক্রীড়ার পরিবেশ গড়ে তুলতে বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর ওপর জোর দেন ভারতীয় হাইকমিশনার।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১