প্রিন্ট এর তারিখঃ Nov 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 17, 2026 ইং
সংসদকে হেয় করার অভিযোগ, পৃষ্ঠপোষকদের তদন্তের দাবি সেলিম ভূঁইয়ার

জাতীয় সংসদের সংসদীয় স্থায়ী কমিটি নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগ তুলে সংশ্লিষ্ট অনলাইন পোর্টাল এবং এর পেছনে থাকা পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিম ভূঁইয়া। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি এ দাবি জানান।
সংসদে দেওয়া বক্তব্যে সেলিম ভূঁইয়া অভিযোগ করেন, কিছু অনলাইন পোর্টাল হলুদ সাংবাদিকতার মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে মানুষকে বিভিন্নভাবে উত্তেজিত করছে। তিনি বলেন, ইতোমধ্যে বেশ কয়েকটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়, আমানউল্লাহ আমান, জয়নাল আবদীন ফারুক ও মোহাম্মদ শাহজাহানের মতো জ্যেষ্ঠ নেতারা।
একটি নির্দিষ্ট অনলাইন পোর্টালের সংবাদ নিয়ে সমালোচনা করে কুমিল্লা-২ আসনের এই সংসদ সদস্য বলেন, শেখ হাসিনার সাবেক সচিব এনায়েত খানের পৃষ্ঠপোষকতায় ছাত্রলীগের ক্যাডাররা ‘শিক্ষা ডটকম’ নামে একটি অনলাইন পত্রিকা পরিচালনা করছে বলে তিনি অভিযোগ করেন। ওই পোর্টালে ‘সংসদীয় স্থায়ী কমিটির কোনো ক্ষমতাই নেই’ শিরোনামে সংবাদ প্রকাশের মাধ্যমে জাতিকে বিব্রত করার পাশাপাশি জাতীয় সংসদকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
ওই অনলাইন পোর্টালের পেছনে বর্তমানে জাতীয় সংসদের ভেতরের কোনো ব্যক্তির পৃষ্ঠপোষকতা রয়েছে বলেও তথ্য পাওয়ার কথা উল্লেখ করেন সেলিম ভূঁইয়া। এ বিষয়ে তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, সংসদের কোনো সদস্য বা সংশ্লিষ্ট ব্যক্তি যদি বর্তমানে এনায়েত খানের পত্রিকাটির পৃষ্ঠপোষকতা করে থাকেন, তাহলে তদন্তের মাধ্যমে তা শনাক্ত করে বিষয়টি সংসদ সদস্যদের অবহিত করা প্রয়োজন।
বক্তব্যের শেষ পর্যায়ে স্পিকারের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘তদন্তের মাধ্যমে আমাদের কোনো লোক যদি এখন সেই এনায়েত খানের পত্রিকার পৃষ্ঠপোষকতা করে, তাহলে তা আমাদের সবাইকে জানিয়ে এটার একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমি আপনার কাছে বিনীত অনুরোধ করছি।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১