প্রিন্ট এর তারিখঃ Nov 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 17, 2026 ইং
২২ বছর পর টেস্ট সিরিজ জিতল জিম্বাবুয়ে

২২ বছর পর টেস্ট সিরিজ জিতল জিম্বাবুয়ে। আফগানিস্তানের বিপক্ষে শারজায় আজ দ্বিতীয় টেস্টে ৫৭ রানের জয়ে ১-০তে সিরিজ নিশ্চিত করে জিম্বাবুয়ে।
২০০৪ সালের পর দুই বা ততোধিক ম্যাচের টেস্ট সিরিজে এটাই জিম্বাবুয়ের প্রথম জয়। এর আগে ২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১–০ ব্যবধানে জিতেছিল দলটি। দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও সিরিজ জয়ের স্বাদ পেল জিম্বাবুয়ে।
শেষ উইকেট পড়ার আগপর্যন্ত লড়াই ছাড়েনি আফগানিস্তানও। এক প্রান্তে সেঞ্চুরি তুলে নিয়েছেন অভিষিক্ত নাসির খান। তবে অন্য প্রান্তে একের পর এক উইকেট হারিয়ে জয়ের আশা ফিকে হয়ে যায় স্বাগতিকদের। শেষ পর্যন্ত ১০১ রানে অপরাজিত থেকেও দলকে বাঁচাতে পারেননি নাসির।
সেঞ্চুরির পাশাপাশি বল হাতে ৭ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন নাসির। একই টেস্টে সেঞ্চুরি ও ৭ উইকেট নেওয়ার কীর্তি এর আগে ছিল মাত্র তিনজনের— জ্যাক গ্রিগরি, ইয়ান বোথাম (দুইবার) ও রবিনচন্দ্রন অশ্বিন। টেস্ট অভিষেকেই এমন কীর্তি গড়েছেন আফগান এই ক্রিকেটার। তবে তার ব্যক্তিগত ইতিহাস গড়ার দিনটি শেষ হয়েছে দলের পরাজয়ে।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৩৯ রান করে জিম্বাবুয়ে। সেঞ্চুরি করেন ব্রেন্ডন টেলর। আফগানিস্তানের প্রথম ইনিংস থামে ২১৭ রানে। একপর্যায়ে ১৫৯ রানে ৬ উইকেট হারানো দলটির হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন আফসার জাজাই। জিম্বাবুয়ের হয়ে ভিনসেন্ট মাসেকেসা ৫৪ রানে ৪ উইকেট এবং ব্লেসিং মুজারাবানি ৩৮ রানে ৩ উইকেট নেন। প্রথম ইনিংসে ১২২ রানের লিড পায় জিম্বাবুয়ে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১