প্রিন্ট এর তারিখঃ Nov 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 12, 2026 ইং
এনআইডি নিয়ে দুঃসংবাদ, ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, একাধিক কারণে নাগরিকদের এনআইডি লক করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো একাধিকবার ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া। এ ছাড়া আদালতের নির্দেশ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলমান মামলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আবেদনের পরিপ্রেক্ষিতেও কিছু পরিচয়পত্র লক করা হয়েছে।
একাধিকবার ভোটার হওয়ার কারণে যাদের এনআইডি লক হয়েছে, যাচাই-বাছাই শেষে তাদের একটি পরিচয়পত্র কার্যকর রেখে অন্যটি বাতিল করা হচ্ছে। সাধারণত প্রথমবার ইস্যু করা পরিচয়পত্রটি বহাল রাখা হয় এবং পরবর্তী সময়ে নেওয়া এনআইডি বাতিল করা হয়। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে প্রতিটি তথ্য পর্যালোচনা করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কবে থেকে এসব পরিচয়পত্র লক রয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো হিসাব দিতে পারেননি এনআইডি শাখার কর্মকর্তারা। তাদের মতে, লক হওয়া পরিচয়পত্রের সংখ্যা বেশি হওয়ায় প্রতিটির ক্ষেত্রে সময়কাল আলাদাভাবে নির্ধারণ করা কঠিন। তবে এ সমস্যা নিয়ে যেসব নাগরিক ঢাকার নির্বাচন ভবনে যোগাযোগ করছেন, তাদের অভিযোগ ও তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে এনআইডি আনলক করাতে বর্তমানে নাগরিকদের নির্বাচন কমিশনের কেন্দ্রীয় কার্যালয়ে যেতে হচ্ছে। ফলে ঢাকার বাইরে বসবাসকারী ব্যক্তিদের জন্য বিষয়টি আরও কষ্টসাধ্য হয়ে উঠেছে। নাগরিকদের ভোগান্তি কমাতে কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে মাঠপর্যায় থেকেই এনআইডি-সংক্রান্ত সমস্যার সমাধানের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১