
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি সংরক্ষিত বনাঞ্চলে পাহাড় কেটে বালু উত্তোলন ও পাচারের তৎপরতা আবারও শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের কারণে ক্ষতিগ্রস্ত সাতগড়ের লম্বাশিয়া এলাকার বনভূমি রক্ষায় প্রশাসনের নেওয়া বিভিন্ন উদ্যোগের মধ্যেই নতুন করে বালু পরিবহনের রাস্তা তৈরির অভিযোগ উঠেছে। এতে আগে উত্তোলন করা বালু সরিয়ে নেওয়ার পাশাপাশি পাহাড় কেটে নতুন করে বালু উত্তোলনের প্রস্তুতি চলছে বলে দাবি স্থানীয়দের।
বনবিভাগ ও উপজেলা প্রশাসন একাধিকবার অভিযান চালিয়ে সড়ক কেটে দেওয়া, যন্ত্রপাতি জব্দ এবং মামলা করেও এই তৎপরতা স্থায়ীভাবে বন্ধ করতে পারেনি। সর্বশেষ ২০২৫ সালের ২৪ এপ্রিল তৎকালীন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এলাকাটি পরিদর্শন করে বালু উত্তোলনস্থলে যানবাহনের প্রবেশ ও বের হওয়ার পথ সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেন। তার নির্দেশনায় সড়কে প্রতিবন্ধকতা তৈরি করা হলেও এবার সেই ব্যবস্থা পাশ কাটিয়ে বিকল্প পথ তৈরির অভিযোগ সামনে এসেছে।
তথ্য অনুসন্ধানে জানা যায়, চুনতি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাতগড় লম্বাশিয়া এলাকায় প্রায় এক যুগ ধরে সংরক্ষিত বনাঞ্চলের পাহাড় ও পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। বালু সংগ্রহে শ্যালো মেশিন স্থাপন, উত্তোলিত বালু সরিয়ে নিতে অস্থায়ী সড়ক নির্মাণ এবং পাহাড়ের বিভিন্ন অংশ কেটে ফেলার মতো কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে। এসব ঘটনায় বিভিন্ন সময়ে প্রশাসন ও বনবিভাগ অভিযান পরিচালনা করলেও কিছুদিন বিরতির পর আবারও তৎপরতা শুরু হয়েছে।
২০২৩ সালের ২৪ নভেম্বর পরিবেশ অধিদপ্তর ওই এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ১০ জনকে আসামি করে থানায় মামলা করে। এর মাত্র তিন দিন পর, ২৭ নভেম্বর অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সৃষ্ট গভীর গর্তে জমে থাকা পানিতে পড়ে একটি বন্যহাতির মৃত্যু হয়। ঘটনাটি চুনতি বনাঞ্চলে অবৈধ বালু উত্তোলনের পরিবেশগত ক্ষতির বিষয়টি নতুন করে সামনে নিয়ে আসে।
এরপর ২০২৪ সালের ৯ জানুয়ারি উপজেলা প্রশাসন ও বনবিভাগ যৌথ অভিযান চালিয়ে বালু পরিবহনের জন্য তৈরি সড়কের বিভিন্ন অংশ কেটে দেয়। কয়েক মাস কার্যক্রম বন্ধ থাকলেও পরে সড়ক মেরামত করে আবারও বালু উত্তোলন শুরু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সর্বশেষ ২০২৫ সালের ২০ মার্চ যৌথ অভিযানে বালু পরিবহনের পাঁচটি স্থানে সড়ক বিচ্ছিন্ন করা হয়। কিন্তু এসব পদক্ষেপও স্থায়ীভাবে অবৈধ কার্যক্রম বন্ধ করতে পারেনি।
স্থানীয়দের অভিযোগ, বন্ধ করা সড়ক ব্যবহার করতে না পেরে একটি মহল বিকল্প রাস্তা তৈরির চেষ্টা করছে। ওই পথ দিয়ে আগে উত্তোলন করে স্তূপ করে রাখা বালু সরিয়ে নেওয়ার পাশাপাশি পুনরায় পাহাড় কেটে বালু সংগ্রহের পরিকল্পনা চলছে। এতে প্রশাসনের নেওয়া সুরক্ষাব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।
সরেজমিনে দেখা যায়, লম্বাশিয়ার পাহাড়ের দিকে যাওয়ার পথে একটি সেতুর দুই পাশে বালুবাহী যানবাহনের চলাচল ঠেকাতে স্থাপন করা প্রতিবন্ধকতা এখনো রয়েছে। সেখানে আগে উত্তোলন করা বালুর তিনটি স্তূপও দেখা গেছে। তবে স্থানীয়দের দাবি, বিদ্যমান প্রতিবন্ধকতা এড়িয়ে নতুন রাস্তা তৈরির মাধ্যমে বালু পরিবহনের চেষ্টা চলছে। যদিও নতুন রাস্তা নির্মাণ ও বালু পরিবহনের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।
শুধু স্থানীয় পর্যায়ের অভিযোগ নয়, গবেষণাতেও চুনতি বনাঞ্চলের বনভূমি কমে যাওয়ার চিত্র উঠে এসেছে। ‘ইভ্যালুয়েটিং দ্য ফিডিং হ্যাবিট্যাট অব দ্য এশিয়ান এলিফ্যান্ট (এলিফাস ম্যাক্সিমাস) ইউজিং ইন্টিগ্রেটেড ফিল্ড সার্ভেজ অ্যান্ড রিমোট সেন্সিং’ শীর্ষক গবেষণায় স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে ২০০০ থেকে ২০২২ সালের মধ্যে গবেষণার আওতাধীন ৮ হাজার ৪৬১ দশমিক ১ হেক্টর এলাকায় বনভূমি ৩৭৬ দশমিক ৬ হেক্টর কমে যাওয়ার তথ্য পাওয়া যায়।
গবেষণা অনুযায়ী, ২০০০ সালে ওই এলাকায় বনভূমির পরিমাণ ছিল ৭ হাজার ৪৬৩ দশমিক ৯ হেক্টর। ২০২২ সালে তা কমে দাঁড়ায় ৭ হাজার ৮৭ দশমিক ৩ হেক্টরে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের সুপারনিউমারারি অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসেন বলেন, চুনতি সংরক্ষিত বনাঞ্চল শুধু গাছপালার এলাকা নয়, এটি এশীয় হাতিসহ বিভিন্ন বন্যপ্রাণীর গুরুত্বপূর্ণ আবাসস্থল। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এই বনের ভূমিকা রয়েছে। পাহাড় কেটে বালু উত্তোলন করলে পাহাড়ের স্বাভাবিক গঠন নষ্ট হয়, গভীর গর্ত তৈরি হয় এবং পাহাড়ি ছড়া ও আশপাশের ভূমি ক্ষতিগ্রস্ত হয়। এভাবে কার্যক্রম চলতে থাকলে ভূমিক্ষয় ও পাহাড়ধসের ঝুঁকি বাড়বে। পাশাপাশি বন্যপ্রাণীর আবাসস্থল ও খাদ্যের উৎস নষ্ট হলে তাদের স্বাভাবিক চলাচলও ব্যাহত হতে পারে।
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আবির হাসান বলেন, লম্বাশিয়া এলাকায় বনবিভাগের নিয়মিত টহল জোরদার রয়েছে। আগে উত্তোলিত বালু সরিয়ে নেওয়া কিংবা পাহাড় ধ্বংস করে নতুন করে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। এ ধরনের অপচেষ্টা কেউ করলে কঠোরভাবে দমন করা হবে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ বিন আখন্দ বলেন, লম্বাশিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন কিংবা পরিবেশ ধ্বংসের অপচেষ্টার বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। বালু উত্তোলন বা পরিবহনের চেষ্টা করা হলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ বালু উত্তোলন বন্ধে এলাকায় নজরদারি অব্যাহত থাকবে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী মুনিরা পারভীন রুবা বলেন, সংরক্ষিত বনাঞ্চলে পাহাড় কেটে বালু উত্তোলন ও পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা উচিত। বনাঞ্চল ও বন্যপ্রাণীর আবাসস্থল রক্ষায় এ ধরনের কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।