প্রিন্ট এর তারিখঃ Nov 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 24, 2026 ইং
অটোরিকশায় এসে আসিফ আকবরের গাড়িতে হামলা: পুলিশ

কণ্ঠশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় একজন জড়িত বলে জানিয়েছে পুলিশ। শনিবার ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। হামলাকারী সিএনজিচালিত অটোরিকশায় এসে গুলি চালিয়ে মালিবাগের দিকে চলে যান। তবে তাকে এখনো শনাক্ত করা যায়নি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে একটি সিএনজিচালিত অটোরিকশা বিশাল সেন্টারের সামনে এসে থামে। সেখান থেকে একজন নেমে আসিফ আকবরের গাড়িতে গুলি করে আবার অটোরিকশায় উঠে চলে যান। অটোরিকশায় আরও কেউ ছিলেন কি না, তা তদন্তে জানা যাবে।
পুলিশ জানায়, গাড়ির চালকের আসনের বরাবর পেছনের আসন লক্ষ্য করে এক রাউন্ড গুলি করা হয়। এতে গাড়ির কাচ ভেঙে যায়।
ঘটনার সময় আসিফ আকবর বিশাল সেন্টারের তৃতীয় তলায় নিজের স্টুডিওতে ছিলেন। গাড়ির চালকও সেখানে ছিলেন না। পুলিশ জানায়, শুক্রবার রাত আটটার দিকে তিনি স্টুডিওতে আসেন। তার কয়েকজন বন্ধুও সেখানে ছিলেন। তারা রাত তিনটার দিকে চলে যান।
শনিবার সকালে গুলির শব্দ শুনে কাছাকাছি থাকা এক নিরাপত্তাকর্মী গাড়ির কাছে ছুটে যান। গাড়িতে গুলির চিহ্ন দেখে তিনি আসিফ আকবরকে জানান। পরে নিচে নেমে পরিস্থিতি দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন এই কণ্ঠশিল্পী।
উপকমিশনার ইবনে মিজান বলেন, খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসিফ আকবরের সঙ্গে কথা বলে। তিনি কাউকে সন্দেহ করছেন না এবং পুলিশের কাছে কোনো অভিযোগও করেননি। তবে পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
তিনি আরও বলেন, ঘটনার একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে, যেখানে হামলাকারীর শুধু পা দেখা গেছে। ওই ফুটেজের সূত্র ধরে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, আসিফ আকবরের সঙ্গে তার অফিসের কারও বিরোধ আছে কি না, তার বৈধ অস্ত্র রয়েছে কি না, তিনি নতুন অস্ত্রের আবেদন করেছেন কি না, কুমিল্লায় স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে কি না এবং কারও সঙ্গে রাজনৈতিক বিরোধ আছে কি না, সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১