প্রিন্ট এর তারিখঃ Nov 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 24, 2026 ইং
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৯৮ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৭ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা পৌঁছেছে ১ লাখ ২১ হাজার ৬৯৯ জনে।
শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ৩৭৭ জনের মধ্যে শুধু অক্টোবরেই মৃত্যু হয়েছে ১৩২ জনের। এর আগে সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়। এ ছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৮৯৮ জন ভর্তি হয়েছেন।
এ সময়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৭৮১ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩২ জন, খুলনায় ১৫৯ জন, বরিশালে ১৫২ জন, রাজশাহীতে ১৪১ জন, ময়মনসিংহে ৭৫ জন এবং রংপুর বিভাগে ৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৭২৫ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে মোট ১ লাখ ১৫ হাজার ১৩২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১