প্রিন্ট এর তারিখঃ Nov 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 20, 2026 ইং
আজ মহানবমী শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী। পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের চতুর্থ দিনে পূজামণ্ডপে মণ্ডপে চলছে দেবীর আরাধনা। মহানবমীর পূজা শেষে শুরু হবে দেবীর বিদায়ের ক্ষণগণনা। আগামীকাল বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।
নবমী তিথিতে দেবী দুর্গার মহাআরতি, বলিদান ও নবমী হোমের আয়োজন করা হয়। এদিন ১০৮টি নীলপদ্ম দিয়ে দেবীর পূজা করার রীতিও রয়েছে। পূজা শেষে ভক্তরা অঞ্জলি নিবেদন করবেন এবং প্রসাদ বিতরণ করা হবে। উৎসবের আনন্দের পাশাপাশি দেবীর বিদায়ের অপেক্ষায় মণ্ডপে মণ্ডপে ছড়িয়ে পড়বে বিষাদের সুর।
হিন্দুশাস্ত্র অনুযায়ী, দেবী দুর্গা রুদ্ররূপ ধারণ করে মহিষাসুর ও তার তিন যোদ্ধা চণ্ড, মুণ্ড এবং রক্তবীজকে বধ করেন। অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমী তিথির শুরুর প্রথম ২৪ মিনিটের মধ্যবর্তী সময়কে সন্ধিক্ষণ বলা হয়। এ সময় অনুষ্ঠিত হয় সন্ধিপূজা। এতে দেবী চামুণ্ডার আরাধনা করা হয়। সন্ধিপূজায় ১০৮টি মাটির প্রদীপ জ্বালানো এবং ১০৮টি পদ্মফুল দেবীর চরণে নিবেদনের রীতি রয়েছে।
শনিবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয় এবারের শারদীয় দুর্গোৎসব। মহানবমীর পর আগামীকাল বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের এ উৎসব। এরপর কৈলাশে ফিরে যাবেন দেবী দুর্গা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১