প্রিন্ট এর তারিখঃ Nov 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 19, 2026 ইং
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ইরান সফরে যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইরান সফরে যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সোমবার (১৯ অক্টোবর) তেহরানে সফরকালে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করবেন।
রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কারণে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনা প্রশমনে মস্কো যেসব পদক্ষেপ নিচ্ছে, সেগুলো ইরানি কর্মকর্তাদের সামনে তুলে ধরবেন লাভরভ।
এ ছাড়া বাহরাইনের রাজধানী মানামায় উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের ফলাফলও ইরানি কর্মকর্তাদের অবহিত করার কথা রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি লাভরভের সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। বাঘায়ি বলেন, দুই দেশের মধ্যে চলমান দ্বিপক্ষীয় আলোচনা এবং বিভিন্ন চুক্তির বাস্তবায়ন এগিয়ে নেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও রাশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা বেড়েছে।
২০২৫ সালের জানুয়ারিতে মস্কোয় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০ বছর মেয়াদি একটি সমন্বিত কৌশলগত অংশীদারত্ব চুক্তিতে সই করেন। এতে প্রতিরক্ষা, নিরাপত্তা, জ্বালানি, বাণিজ্য ও পরিবহন খাতে সহযোগিতার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
চুক্তিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের কথাও বলা হয়েছে। তবে এতে পারস্পরিক প্রতিরক্ষা নিশ্চিত করার কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি।
সূত্র : তাস ও আল জাজিরা
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১