প্রিন্ট এর তারিখঃ Aug 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 27, 2026 ইং
বিগত ১৫ বছরে প্রায় ২০ হাজার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৪ বছরে দেশে ১৯ হাজার ৬৪১ জনকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংসদে জামালপুর-৫ আসনের সরকারি দলের সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুনের এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
শাহ মো. ওয়ারেছ আলী মামুন জানতে চেয়েছিলেন, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত কতজনকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে এবং এর বছরওয়ারী হিসাব কী। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওই সময়ে মোট ১৯ হাজার ৬৪১ জনকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে।
এর মধ্যে শর্টগানের লাইসেন্স দেওয়া হয়েছে ৭ হাজার ৩০৮টি, পিস্তলের ৫ হাজার ৩৪৭টি, রিভলবারের ৫৯৪টি এবং রাইফেলের ৯৪৮টি। এ ছাড়া অন্যান্য ধরনের আগ্নেয়াস্ত্রের জন্য লাইসেন্স দেওয়া হয়েছে ৫ হাজার ৪৪৪টি।
তবে ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত লাইসেন্স প্রদানের বছরওয়ারী পূর্ণাঙ্গ হিসাব সংসদে দেওয়া হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ হিসাব দেশের ৬৪ জেলার জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় থেকে সংগ্রহ করে পাঠাতে হবে। এ কারণে প্রয়োজনীয় সময় লাগায় প্রশ্নটির আংশিক উত্তর দেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১