প্রিন্ট এর তারিখঃ Aug 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 24, 2026 ইং
এশিয়া কাপ শুরুর আগে পাকিস্তান দলে ধাক্কা

এশিয়া কাপ শুরুর ঠিক আগে চোটের ধাক্কা লাগল পাকিস্তান দলে। হাঁটুর চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন উইকেটকিপার-ব্যাটার নাজিহা আলভি। তার জায়গায় সুযোগ পেয়ে গেলেন আরেক ব্যাটার সাদাফ শামস।
বিবৃতিতে সোমবার এই খবর জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পরীক্ষানিরীক্ষার পর জানা গেছে, বাম হাঁটুর পেছনের দিকে চোট পেয়েছেন নাজিহা। পুনর্বাসন প্রক্রিয়া সেরে মাঠে ফিরতে তার প্রায় চার সপ্তাহের মতো সময় লেগে যাবে।
নাজিহা চোট পাওয়ায় রিজার্ভ থেকে মূল স্কোয়াডে সুযোগ পেয়েছেন সাদাফ। ২০২৩ সালে টি-টোয়েন্টি অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলেছেন তিনি। তবে ২০২৪ সালের অক্টোবরের পর আর এই ফরম্যাটে মাঠে নামা হয়নি।
অবশ্য ওয়ানডেতে দারুণ ছন্দে রয়েছেন সাদাফ। চলতি বছর ৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে নিজের প্রথম সেঞ্চুরি ও চার ফিফটির সৌজন্যে ৪৮৮ রান করেছেন ২৭ বছর বয়সী টপ-অর্ডার ব্যাটার।
দুবাইয়ে আগামী ২৮ আগস্ট শুরু হবে নারীদের এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টের পর্দা নামবে ১৩ সেপ্টেম্বর।
‘এ’ গ্রুপে ভারত, থাইল্যান্ড ও হংকংয়ের সঙ্গে রয়েছে পাকিস্তান। আগামী ১ সেপ্টেম্বর থাইল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের টুর্নামেন্ট। পরে ৫ তারিখ ভারত ও ৭ তারিখ হংকংয়ের মুখোমুখি হবে ফাতিমা সানার নেতৃত্বাধীন দল।
এশিয়া কাপে পাকিস্তানের স্কোয়াড
ফাতিমা সানা (অধিনায়ক), আয়েশা জাফর, ইমান নাসির, আইমান ফাতিমা, গুল ফিরোজা, মোমিনা রিয়াসাত, মুনিবা আলি (উইকেটকিপার), নাশরা সান্ধু, সাদিয়া ইকবাল, সাইরা জাবিন, শাওয়াল জুলফিকার, তুবা হাসান, উম্মে হানি, ওয়াহিদা আখতার, সাদাফ শামস
রিজার্ভ: তাসমিয়া রুবাব, হুমনা বিলাল, মাহাম আনিস
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১