প্রিন্ট এর তারিখঃ Aug 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 24, 2026 ইং
বাংলাদেশের সঙ্গে খেলতে বাফুফেকে একগুচ্ছ শর্ত ব্রাজিলের!

ঢাকায় বাংলাদেশের সঙ্গে খেলতে আগ্রহ দেখিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৬ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে জামাল ভুঁইয়াদের বিপক্ষে খেলতে আগ্রহী সেলেসাওরা। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বেশ কিছু শর্ত দিয়েছে তারা।
দেশের বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে, ব্রাজিলের প্রস্তাব অনুযায়ী কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পর পুরো দলকে ঢাকা নিয়ে আসার বিমান খরচ বহন করতে হবে বাংলাদেশকে।
শুধু বিমানভাড়া নয়, বাংলাদেশে অবস্থানের সময় ব্রাজিল দলের থাকা-খাওয়া ও যাতায়াতের খরচও বহন করতে হবে বাফুফেকে। এর মধ্যে রয়েছে জাতীয় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যয়।
এমনকি ঢাকা থেকে ব্রাজিল ফিরে যাওয়ার ক্ষেত্রেও পুরো দলের বিমানভাড়ার একটি অংশ বহনের শর্ত রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, বাংলাদেশ থেকে দুবাই পর্যন্ত তাদের যাত্রার খরচ বহন করতে হবে বাংলাদেশকে।
তবে ব্রাজিলকে ম্যাচ ফি বা কমার্শিয়াল কোনো অর্থ দিতে হবে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত আলোচনা হয়নি। ফলে পুরো আয়োজনের মোট ব্যয় কত দাঁড়াবে, সেটিও এখনো চূড়ান্ত নয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১