প্রিন্ট এর তারিখঃ Aug 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 22, 2026 ইং
৯১ বছরের অপেক্ষা ঘোচানোর মিশনে দাপুটে শুরু আর্সেনালের

প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার মিশনটা দারুণভাবে শুরু করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্সেনাল। কোভেন্ট্রি সিটির লিগ প্রত্যাবর্তন ম্লান করে দাপুটে জয় পেয়েছে গানাররা।
শুক্রবার রাতে এমিরেটস স্টেডিয়ামে কোভেন্ট্রি সিটিকে ৩-০ গোলে হারিয়েছে আর্সেনাল। এই জয়ে মৌসুমের প্রথম ম্যাচেই নিজেদের শক্তির জানান দিল মিকেল আরতেতার দল।
ঘরের মাঠে ম্যাচের মাত্র ১৫ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। রিকার্দো কালাফিওরির ক্রস থেকে নিচের কোনা দিয়ে বল জালে পাঠিয়ে দেন কাই হাভার্টজ। এর মাত্র আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে আর্সেনাল।
নতুন মৌসুমে প্রিমিয়ার লিগে অভিষেক হওয়া ক্রিস্টোস জোলিস এই গোলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আর্সেনাল বল দখল নেওয়ার পর ডেকলান রাইস বাম প্রান্তে জোলিসকে বল দেন। গ্রিক উইঙ্গার নিচু ক্রস বাড়ালে কোভেন্ট্রি গোলকিপার বল পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফিরতি বলে খুব কাছ থেকে গোল করেন বুকায়ো সাকা। বিরতির মাত্র চার মিনিট পর আর্সেনালকে ৩-০ গোলে এগিয়ে দেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড।
এরপরও গোলের জন্য আক্রমণ চালিয়ে যায় আর্সেনাল। বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান আর বাড়াতে পারেনি তারা। শেষ পর্যন্ত সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে গানাররা।
সবশেষ ১৯৩৫ সালে টানা মৌসুমে ইংলিশ শীর্ষ লিগের শিরোপা ধরে রাখতে পেরেছিল। ২০০৪-০৫ মৌসুমে সবশেষবার শিরোপা ধরে রাখার সুযোগ পেয়েও চেলসির পেছনে থেকে দ্বিতীয় হয়েছিল তারা। এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর লক্ষ্যে মৌসুম শুরু করল আর্সেনাল।
ম্যাচ শেষে নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট আর্সেনাল কোচ। দলের শুরুটা নিয়ে প্রশংসা করে আরতেতা বলেন, ‘পারফরম্যান্সে অনেক কিছুই ভালো লেগেছে এবং অবশ্যই এটি দারুণ একটি ফল। আমরা যেভাবে এতটা আধিপত্য, পরিষ্কার পরিকল্পনা, বোঝাপড়া ও ছন্দ নিয়ে ম্যাচ শুরু করেছি, সেটি সত্যিই অসাধারণ।’
আর্সেনালের সামনে এখন পরবর্তী চ্যালেঞ্জ অ্যাস্টন ভিলার বিপক্ষে। ৩১ আগস্ট রাতে ভিলা পার্কে মাঠে নামবে আরতেতার দল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১