প্রিন্ট এর তারিখঃ Aug 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 21, 2026 ইং
বিরোধীদলের অংশগ্রহণকে সংকীর্ণভাবে মূল্যায়ন করছে সরকার: হামিদুর রহমান

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণকে সরকারের পক্ষ থেকে সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিতে মূল্যায়ন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
শুক্রবার (২১ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে তিনি সরকারের এমন অবস্থানের সমালোচনা করেন।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, সরকারের একজন মন্ত্রিপরিষদ সদস্য বলেছেন, ৭০ অনুচ্ছেদ বহাল থাকা অবস্থায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার কারণে বিরোধীদলের সংবিধান সংস্কার পরিষদে নেওয়া শপথ আর কার্যকর নেই।
জামায়াতের এই নেতা প্রশ্ন তোলেন, এই যুক্তি যদি গ্রহণযোগ্য হয়, তাহলে সংসদ সদস্য হিসেবে নেওয়া শপথ কীভাবে বৈধ থাকে। তার ভাষ্য, ২০২৬ সালে সাংবিধানিক প্রক্রিয়ায় কোনো সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণের অবস্থান পরিষ্কার ছিল। সরকারের কাঙ্ক্ষিত সংস্কার প্রক্রিয়ার সীমাবদ্ধতার বিরুদ্ধে এটি ছিল একটি প্রতীকী প্রতিবাদ এবং গণতান্ত্রিক চর্চার নতুন উদ্যোগ। নির্বাচনের ফল কী হবে, তা আগে থেকেই জানা থাকলেও জনগণের সামনে নিজেদের অবস্থান তুলে ধরা এবং গণতন্ত্রের দাবি আরও জোরালো করতেই তারা নির্বাচনে অংশ নিয়েছেন।
ড. হামিদুর রহমান আযাদের মতে, এই ঘটনাকে কেন্দ্র করে জনগণ নতুন করে উপলব্ধি করেছে যে বাংলাদেশের গণতন্ত্রকে কার্যকর, জবাবদিহিমূলক ও টেকসই করতে সংবিধান সংস্কার কেন প্রয়োজন।
তিনি সরকারকে রাজনৈতিক প্রতিপক্ষের অংশগ্রহণকে সংকীর্ণভাবে ব্যাখ্যা না করে এর অন্তর্নিহিত গণতান্ত্রিক বার্তা উপলব্ধি করার আহ্বান জানান। একই সঙ্গে জনগণের প্রত্যাশার প্রতি সম্মান দেখিয়ে গণভোটের রায় বাস্তবায়ন এবং প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।
হামিদুর রহমান আযাদ বলেন, জনগণের আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে কোনো সরকারই দীর্ঘমেয়াদে রাষ্ট্র পরিচালনা করতে পারে না।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১