প্রিন্ট এর তারিখঃ Aug 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 19, 2026 ইং
‘ফিফা নিজেই নিজের বিনাশ ডেকে এনেছে’

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনাকে ঘিরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর তীব্র সমালোচনা করেছেন প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স। তাঁর মতে, এমন সিদ্ধান্ত নিয়ে সংস্থাটি ‘নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে’ এবং ‘স্ব-বিনাশের বোতাম চেপে দিয়েছে।’
ফিফার বিশ্বকাপসহ সকল প্রতিযোগিতার বাণিজ্যিক ও টিকিট বিক্রির স্বত্ব ব্যবস্থাপনার জন্য একটি নতুন প্রতিষ্ঠান গঠন করে। যার ২১ শতাংশ শেয়ার একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রি করার একটি পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। যদিও পরবর্তীতে পরিকল্পনাটি বাতিল করা হয়, তবে এটিকে কেন্দ্র করে তাঁর ওপর চাপ ক্রমেই বাড়ছে।
‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামের এই প্রকল্পটি উয়েফার নেতৃত্বে বেশ কয়েকটি কনফেডারেশনের তীব্র সমালোচনার মুখে পড়ে বাতিল হতে বাধ্য হয়। এমনকি উয়েফা ফিফার সকল প্রতিযোগিতা বয়কটেরও হুমকি দিয়েছিল।
ইনফান্তিনোর প্রতি দেওয়া সমর্থন ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) তুলে নেওয়ায় সেটিকে সমর্থন জানিয়েছেন মাস্টার্স। একই সঙ্গে ফুটবলকে ঐক্যবদ্ধ করতে সক্ষম—এমন একজন নতুন সভাপতি প্রার্থীরও আহ্বান জানিয়েছেন তিনি।
বিবিসি স্পোর্টসকে মাস্টার্স বলেন, ‘এটি ফিফার নিজের তৈরি করা সমস্যা।’
তিনি আরও যোগ করেন, ‘এটি তাদের নিজেদেরই ঘটানো এক আত্মঘাতী কাণ্ড। সংস্থাটি নিজেই নিজের বিনাশ ডেকে এনেছে (সেলফ-ডিস্ট্রাক্ট বাটন চেপেছে) এবং এর ফলেই উদ্ভূত সমস্ত জটিলতার সমাধান এখন তাদেরই খুঁজে বের করতে হবে।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১