প্রিন্ট এর তারিখঃ Aug 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 18, 2026 ইং
ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় আর্থিক সহায়তার কথা বলে কমলা বেগম (৩০) নামে এক প্রতিবন্ধী নারীকে নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় মাতব্বররা সালিশ বসিয়ে অভিযুক্তদের জরিমানাও করেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—ছাগলনাইয়া উপজেলার উত্তর ছয়ঘরিয়া গ্রামের সাকিব (১৮), ইয়াছিন (১৬) ও আরমান (১৫)।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলে শুভপুর ইউনিয়নের উত্তর ছয়ঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে স্থানীয় টমটমচালক সাকিব, আরমান ও বাদশা ওই নারীকে বাড়ি থেকে নিয়ে যায়। পরে তাকে একটি নির্জন স্থানে নিয়ে তিনজন মিলে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়।
ঘটনাটি জানাজানি হলে সোমবার (১৭ আগস্ট) রাতে স্থানীয় মাতব্বররা এলাকায় সালিশ বসান। সেখানে অভিযুক্তদের মাত্র ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। গুরুতর এই অপরাধটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না জানিয়ে সালিশের মাধ্যমে মীমাংসা করায় বিষয়টি পুলিশের নজরে এলে মঙ্গলবার ভোরে ছয়ঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে ছাগলনাইয়া থানা পুলিশ।
ভুক্তভোগী পরিবারের দাবি, সালিশের মাধ্যমে নয়, আইনি প্রক্রিয়ায় এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ আবু তাহের বলেন, প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত তিন যুবককে আটক করা হয়েছে। ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে ধর্ষণের মামলা প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, শুধু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরাই নয়, সালিশ বসিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা ব্যক্তিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১