প্রিন্ট এর তারিখঃ Aug 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 18, 2026 ইং
নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক ‘জেনারেল’ হলেন ভারতের সেনাপ্রধান

নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদা দিয়েছেন। সোমবার (১৭ আগস্ট) নেপালের রাজধানী কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
নেপাল সেনাবাহিনীর সমপদমর্যাদার কর্মকর্তা জেনারেল অশোক রাজ সিগদেলের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে রোববার নেপালে পৌঁছান জেনারেল শেঠ।
রাষ্ট্রপতি পাওদেলের সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্মাননা প্রদান অনুষ্ঠানে নেপালের উপরাষ্ট্রপতি রাম সহায় প্রসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব এবং নেপাল সেনাবাহিনী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মানসূচক এই পদমর্যাদা প্রদানের রীতি ১৯৫০ সালে শুরু হয়। দীর্ঘদিনের এই ঐতিহ্য অনুযায়ী, নেপাল ও ভারত একে অপরের সেনাপ্রধানকে সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দিয়ে আসছে।
সোমবার নেপাল সেনাবাহিনীর সদর দপ্তরে জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গেও বৈঠক করেন জেনারেল শেঠ। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সামরিক সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়।
ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভারতীয় সেনাপ্রধানের নেপাল সফর দুই দেশের দীর্ঘদিনের পরীক্ষিত প্রতিরক্ষা সম্পর্ককে আরও দৃঢ় করার বিষয়টি তুলে ধরেছে। দুই দেশের সেনাবাহিনীর এই সম্পর্ক অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক আস্থা ও দীর্ঘস্থায়ী সহযোগিতার ওপর প্রতিষ্ঠিত।
জেনারেল শেঠ নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবের সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে নয়াদিল্লি ও কাঠমান্ডুর মধ্যকার সামগ্রিক সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে ভারতীয় দূতাবাস।
সফরের অংশ হিসেবে সোমবার নেপাল সেনাবাহিনীর কাছে কিছু সামরিক ও চিকিৎসা সরঞ্জামও হস্তান্তর করেন জেনারেল শেঠ।
এর আগে নেপাল সেনাবাহিনীর সদর দপ্তর প্রাঙ্গণে একটি চারা রোপণ করেন তিনি। সেখানে তাঁকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানিয়ে অভ্যর্থনা দেওয়া হয় এবং তিনি আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন করেন।
নেপাল সেনাবাহিনী জানিয়েছে, জেনারেল শেঠের এই সফরের মাধ্যমে নেপাল ও ভারতের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১