প্রিন্ট এর তারিখঃ Aug 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 13, 2026 ইং
মাঠে ফিরলেন মেসি, হেরে বিদায় মায়ামির

সময়টা একদম ভালো যাচ্ছে না লিওনেল মেসি। গত শনিবার বাবাকে হারান আর্জেন্টাইন মহাতারকা। সেই শোক কাটিয়ে উঠতেই হয়তো ৫ দিনের মধ্যে তিনি নেমে গেলেন ফুটবল মাঠে। তবে সেখানেও পাননি সুখবর। লিগস কাপ থেকে বিদায় নিল ইন্টার মায়ামি।
ঘরের মাঠে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে লিগস কাপের ম্যাচে মেক্সিকোর ক্লাব লিওনের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে মায়ামি। ফলে লিগ পর্ব থেকেই বিদায়ঘণ্টা বেজে গেল তাদের।
বাবার মৃত্যুর পর মেসির মাঠে ফেরা নিয়ে জেগেছিল নিশ্চয়। দলের কোচ গিলের্মো হয়োসও নিশ্চয়তা দেননি, ঠিক কবে নাগাদ ফিরবেন আর্জেন্টাইন জাদুকর। তবে সবাইকে অবাক করে দিয়ে লিগস কাপের ম্যাচেই খেলেছেন মেসি।
প্রথমার্ধে অবশ্য মাঠে নামেননি মায়ামির অধিনায়ক। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে খেলতে নেমে দারুণ কিছু সুযোগ তিনি তৈরি করেন। তবে শেষ পর্যন্ত তাতে কাজের কাজ হয়নি। উল্টো দ্বিতীয়ার্ধেই তিন গোল হজম করে হেরে যায় মায়ামি।
ম্যাচের পুরোটা সময় দাপট ছিল স্বাগতিক ক্লাবটির। প্রায় ৬২ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রেখে গোলের জন্য ১৯টি শট করে তারা। এর মধ্যে ৮টি লক্ষ্য বরাবর থাকলেও ২টি বেশি গোল পায়নি তারা। বিপরীতে লিওনের ১০ শটের ৬টি ছিল লক্ষ্যে।
৪২ মিনিটের মাথায় দারুণ গোছানো আক্রমণে জালের দেখা পায় মায়ামি। ডান পাশ থেকে ইয়ান ফ্রের পাস ধরে ছয় গজের বক্সের কাছ থেকে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান ড্যানিয়েল পিন্টার।
পরে পিন্টারের বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন মেসি। বিরতির পর পাঁচ মিনিটের মধ্যে ড্যানিয়েল আর্চিলার গোলে সমতা ফেরায় লিওন।
আবারও এগিয়ে যেতে বেশিক্ষণ সময় নেয়নি মায়ামি। ম্যাচের ৫৩ মিনিটের মাথায় ইয়ানিক ব্রাইটের গোলে স্কোরলাইন ২-১ করে ফেলে তারা।
সেখান থেকে ঘুরে দাঁড়ানোর গল্প লিখে লিওন। ৬১ মিনিটে সমতা ফেরান হুয়ান পাওলো ডমিঙ্গেজ। আর ৮৩ মিনিটে আর্চিলা আরও একবার জাল কাঁপালে বিদায় নিশ্চিত হয়ে যায় মায়ামির।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১