প্রিন্ট এর তারিখঃ Aug 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 11, 2026 ইং
চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বানিয়াচোঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের একটি বাসের সঙ্গে হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের তিন যাত্রী নিহত হন। আহত হন আরও অন্তত ১৫ জন।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাস ও ট্রাক ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে। এতে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১