প্রিন্ট এর তারিখঃ Aug 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 10, 2026 ইং
রাজশাহী বোর্ডে পাসের হার ৭৭ থেকে নেমে ৬৩ শতাংশে

এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডের বড় ধরনের অবনতি হয়েছে। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ১৩ দশমিক ৯৯ শতাংশ। ২০২৫ সালে এ বোর্ডে ৭৭ দশমিক ৬৬ শতাংশ শিক্ষার্থী পাস করলেও এবার পাস করেছে ৬৩ দশমিক ৬৭ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) সকালে রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।
বোর্ডের তথ্য অনুযায়ী, এবার এসএসসি পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন শিক্ষার্থী। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২ হাজার ৯০৮ জন। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ১ লাখ ১২ হাজার ৮৬ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ছাত্র ৯২ হাজার ৭৭৩ জন এবং ছাত্রী ৮৩ হাজার ২৭১ জন।
ফলাফলে বিশ্লেষণে দেখা যায়, ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৩৩ শতাংশ। অর্থাৎ ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ১৩ দশমিক ৪০ শতাংশ বেশি।
রাজশাহী শিক্ষা বোর্ডের সাত বছরের তুলনামূলক পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে পাসের হার ছিল সর্বোচ্চ ৯৪ দশমিক ৭১ শতাংশ। ২০২০ সালে এ হার ছিল ৯০ দশমিক ৩৭ শতাংশ। ২০২২ সালে ৮৫ দশমিক ৮৮ শতাংশ, ২০২৩ সালে ৮৭ দশমিক ৮৯ শতাংশ এবং ২০২৪ সালে ৮৯ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেন।
তবে ২০২৫ সালে পাসের হার কমে দাঁড়ায় ৭৭ দশমিক ৬৬ শতাংশ। চলতি বছর তা আরও কমে ৬৩ দশমিক ৬৭ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ ২০২১ সালের পাসের হারের তুলনায় এবার ৩১.০৪ শতাংশ কম শিক্ষার্থী পাস করেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১