প্রিন্ট এর তারিখঃ Aug 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 10, 2026 ইং
কুমিল্লা শিক্ষাবোর্ডে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ-৫

এ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে মোট ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী। প্রকাশিত ফলাফলে এ বছর পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫।
সোমবার (১০ আগস্ট) সোয়া ১০টার দিকে কুমিল্লা শিক্ষাবোর্ড মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড দশমিক মো দশমিক শফিকুল ইসলাম। ফলাফলে গড় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।
এবার কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে মোট ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬৩ দশমিক ৬০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৯০২।
ফলাফল বিবরণীতে দেখা গেছে, এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ৬টি জেলার ১ হাজার ৮২৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৯৫ হাজার ৩৯৯ জন। এর মধ্যে ৩৭ হাজার ২০৩ জন ছেলে ও ৫৮ হাজার ১৯৬ জন মেয়ে পাস করেছে। এক্ষেত্রে মেয়েদের গড় পাসের হার ৬৬ দশমিক ৮৮ শতাংশ এবং ছেলেদের ৬৩ দশমিক ২৪ শতাংশ। মেয়েদের মধ্যে ৫ হাজার ৮৪৮ জন ও ছেলেদের মধ্যে ৩ হাজার ৯৬৬ জন জিপিএ-৫ পেয়েছে।
বিভাগভিত্তিক পাসের হারে দেখা যায়, বিজ্ঞান বিভাগে পাসের হার ৮২ দশমিক ৮৮ শতাংশ, এর মধ্যে ছেলে ৮১ দশমিক ৬৬ ও মেয়ে ৮৩ দশমিক ৭৭ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার ৫০ দশমিক ৬১ শতাংশ, এর মধ্যে ছেলে ৪৫ দশমিক ০৫ ও মেয়ে ৫২ দশমিক ২৫ এবং বাণিজ্য বিভাগে পাসের হার ৫৭ দশমিক ৪০ শতাংশ, এ বিভাগে ৫২ দশমিক ৪৪ শতাংশ ছেলে ও ৬৩ দশমিক ৮২ শতাংশ মেয়ে পাস করেছে। এ বছর শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠান ২৪টি, যা গত বছর ছিল ২২টি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর মো. জাহাঙ্গীর আলম, উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোসা দশমিক পাপিয়া আক্তারসহ বোর্ডের পদস্থ কর্মকর্তাগণ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১