প্রিন্ট এর তারিখঃ Aug 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 10, 2026 ইং
বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর জেলা

এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হারের দিক থেকে গত দুই বছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও পিরোজপুর জেলা সবার শীর্ষে রয়েছে। অন্যদিকে, পাসের হারের দিক থেকে সবচেয়ে পিছিয়ে রয়েছে ভোলা জেলা।
সোমবার (১০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আবদুস সালাম।
তিনি জানান, এ বছর গড় পাসের হারে পিরোজপুর জেলার অবস্থান সবার শীর্ষে। এ জেলায় পাসের হার ৭০ দশমিক ৭২ শতাংশ।
গত বছর এ জেলায় পাসের হার ছিল ৬৫ দশমিক ৩৮ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে বরগুনা জেলা।
এ বছর জেলাটিতে পাসের হার ৬২ দশমিক ৯১ শতাংশ, যা গত বছর ছিল ৫০ দশমিক ৮৪ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা বরিশাল জেলার পাসের হার ৬১ দশমিক ৭২ শতাংশ। গত বছর এ জেলায় পাসের হার ছিল ৫৭ দশমিক ২০ শতাংশ।
চতুর্থ অবস্থানে থাকা ঝালকাঠি জেলার পাসের হার ৫৮ দশমিক ০৩ শতাংশ। গত বছর এ হার ছিল ৫১ দশমিক ৭৭ শতাংশ।
পঞ্চম অবস্থানে রয়েছে পটুয়াখালী জেলা। এ বছর এ জেলার পাসের হার ৫৭ দশমিক ১০ শতাংশ, যা গত বছর ছিল ৫৫ দশমিক ৭২ শতাংশ।
আর ষষ্ঠ ও সর্বশেষ অবস্থানে রয়েছে ভোলা জেলা। এ বছর জেলাটিতে পাসের হার ৫৩ দশমিক ৭১ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৪ দশমিক ৭০ শতাংশ। অর্থাৎ এ বছর ভোলায় পাসের হার গত বছরের তুলনায় কমেছে।
বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর বিভাগভিত্তিক পাসের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এরপর রয়েছে ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীরা।
জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সবচেয়ে এগিয়ে। এ বিভাগ থেকে মোট ২ হাজার ৪৮৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
অন্যদিকে, মানবিক বিভাগ থেকে ২৬৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১