প্রিন্ট এর তারিখঃ Aug 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 9, 2026 ইং
জুলাই অভ্যুত্থানে ‘ইন্টারনেট স্লো’ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের

আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ২০২৪ এর ১৬ জুলাই ফোন করে ইন্টারনেট স্লো করার নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ (রোববার, ৯ আগস্ট) জুলাই হত্যা মামলার প্রমাণ হিসেবে এই কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন।
ওবায়দুল কাদেরের নির্দেশনার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনে প্রথমে স্লো ও পরে ধাপে ধাপে বন্ধ করা হয় ইন্টারনেট। ওবায়দুল কাদের, যুবলীগ, ছাত্রলীগের শীর্ষনেতাসহ সাতজনের বিরুদ্ধে জুলাই হত্যা মামলার প্রমাণ হিসেবে এই কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন।
আন্দোলন দমাতে মারণাস্ত্রের পাশাপাশি ব্যবহার শুরু হয় হেলিকপ্টার ও ড্রোনের। এসব তথ্য যাতে বাইরে ছড়িয়ে না পড়ে, সে জন্য ইন্টারনেট বন্ধের উদ্যোগ নেওয়া হয় বলে দাবি প্রসিকিউশনের। ফরেনসিক ল্যাবে কল রেকর্ডটির সত্যতা যাচাইয়ের পর তথ্য-প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন।
পলক-কাদেরের ফোনালাপের অনুলিপিটি হুবহু তুলে ধরা হলো-
পলক: ভাই, আসসালামু আলাইকুম। ভাই, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাই। পলক বলছি। কাদের: নেটটা একটু স্লো করে দাও। পলক: জি। কাদের: ইন্টারনেট। পলক: একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নিই? কাদের: নিয়ে নাও। পলক: আচ্ছা, ঠিক আছে। জি, আচ্ছা ঠিক আছে। কাদের: অনেকে আমাকে বলতেছে তো বিষয়গুলো… পলক: হ্যাঁ, একটু ওই যে মানে বলা আছে তো যে উনি না বললে… মানে… কাদের: না না, উনাকে জিজ্ঞেস করেই বলবা। পলক: আচ্ছা, ঠিক আছে। জি। জি স্যার, জি স্যার। জি, আসসালামু আলাইকুম।
এর আগে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) ওবায়দুল কাদেরের সঙ্গে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের আরেকটি ফোনালাপ ট্রাইব্যুনালে দাখিল করা হয়। ওই কথোপকথনে আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়ার প্রমাণ রয়েছে বলে দাবি করে প্রসিকিউশন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ওপেন নিউজ ৭১